দিনের ব্যস্ত সময়ে ফের ব্যাহত হয় কলকাতা মেট্রো নেটওয়ার্কের ব্লু লাইনের মেট্রো পরিষেবা ৷ সূত্রে জানা গিয়েছে, বিকেল ৫টা ৩০মিনিট নাগাদ ব্লু লাইনের (দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ) ডাউন লাইনে চলন্ত মেট্রোর সামনে এক ব্যক্তি ঝাঁপ দিয়ে নিজেকে শেষ করার চেষ্টা করেন ৷ এই ঘটনায় মেট্রো পরিষেবা আংশিকভাবে বন্ধ রাখা হয় ৷ মেট্রো রেলের তরফে জানানো হয়, সন্ধ্যা ৬টা ১৪ মিনিট পরিষেবা স্বাভাবিক হয় ৷ মেট্রো সূত্রে খবর, ওই ব্যক্তিকে নিরাপদে উদ্ধার করা হয়েছে ৷ ওই সময় নেতাজি ভবন মেট্রো স্টেশনে ট্রেনটি প্রবেশ করার সময় ওই ব্যক্তি আচমকা ট্রেনের সামনে ঝাঁপ দেন ৷ ফলে পরিষেবা ব্যাহত হয় ৷ মেট্রো কর্তৃপক্ষ সূত্রে খবর, পরিষেবা আংশিক বন্ধ রাখা হয় ৷ মেট্রো চলাচল করে দক্ষিণেশ্বর থেকে ময়দান এবং মহানায়ক উত্তম কুমার থেকে শহিদ ক্ষুদিরাম পর্যন্ত ৷ অর্থাৎ ময়দান থেকে উত্তম কুমার (টালিগঞ্জ) পর্যন্ত আপ ও ডাউন- উভয় লাইনে মেট্রো পরিষেবা ব্যাহত হয় ৷ এই ঘটনার সঙ্গে সঙ্গে মেট্রোর আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছন ৷ বেশ কিছুক্ষণ পর ব্লু লাইনে পরিষেবা স্বাভাবিক হয় ৷ এখন উৎসবের মরশুম ৷ দূরদূরান্ত থেকে অনেকেই যাতায়াতে মেট্রোর উপর নির্ভর করে ৷ শীতের আবহে কেনাকাটি করতে দূরে যেতে হলে নাগরিকরা এখন মেট্রোকে ভরসা করে ৷ এছাড়া বিকেলের ওই সময়ে অফিস ফেরত মানুষের ভিড় তো ছিলই ৷ এই অবস্থায় আচমকা মেট্রো পরিষেবা ব্যাহত হওয়ায় বহু যাত্রী নাজেহাল হন ৷এর আগে গত ২৫ নভেম্বর মেট্রোয় ঝাঁপ দেওয়ার ঘটনা ঘটে ৷ দমদম স্টেশনে ডাউন লাইনে এই ঘটনাটি ঘটে ৷ বেলা সাড়ে এগারোটা নাগাদ শহিদ ক্ষুদিরামগামী মেট্রো দমদম স্টেশনে ঢোকার মুখে একজন আচমকা ঝাঁপ দেন ৷ যার জেরে বেশ কিছুক্ষণ বন্ধ ছিল পরিষেবা ৷ ব্যস্ত সময়ে নাজেহাল হতে হয় অফিস যাত্রীদের৷ পরিষেবা স্বাভাবিক হয় দুপুর ১২টা ২৭ মিনিটে ৷ নভেম্বরের শেষ সপ্তাহে মোট তিনটি এমন ঘটনা ঘটেছে ৷ প্রতিটি ক্ষেত্রে মেট্রোর সামনে ঝাঁপ দেওয়ার ঘটনা ঘটেছে ৷ গত ২০ নভেম্বর নর্থ সাউথ মেট্রো করিডোরের নেতাজি মেট্রো স্টেশনের আপ লাইনে বেলা ৩টে ১৫ মিনিট নাগাদ চলন্ত মেট্রোর সামনে ঝাঁপ দেন এক ব্যক্তি ৷ তিনি জীবন শেষ করার চেষ্টা করেন বলেই খবর । ঘটনা সামনে আসার পরেই স্টেশন মাস্টার এবং মেট্রো কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে যান ৷ এরপরেই ওই অংশে বিদ্যুৎসংযোগ বিচ্ছিন্ন করে চলে ব্যক্তিকে উদ্ধার করা হয় ৷