শিয়ালদার পর এবার হাওড়া ডিভিশনেও ট্রেনের কাজ। আর যার জেরে বাতিল থাকবে একাধিক ট্রেন। আগামী ১৪ দিন হাওড়া স্টেশনের ১৫ নম্বর প্ল্যাটফর্মে কাজ চলবে৷ পাওয়ার ব্লক থেকে শুরু করে সিগন্যাল, ওভারহেড বিদ্যুতের কাজে রক্ষণাবেক্ষণের কাজ শুরু হতে চলেছে রবিবার থেকে৷ সেই কারণে আজ, রবিবার ৭ জানুয়ারি থেকে আগামী ২১ জানুয়ারি পর্যন্ত হাওড়া শাখা থেকে বাতিল হতে চলেছে বেশ কিছু ট্রেন৷ সময়েও পরিবর্তন আনা হয়েছে কিছু ট্রেনের৷ বেশকিছু ট্রেনের যাত্রাপথও সংক্ষিপ্ত করা হচ্ছে। সময়সূচিও বদলাচ্ছে কিছু ট্রেনের। এই বিষয়ে বিজ্ঞপ্তি দিয়ে বিস্তারিত জানিয়েছে পূর্ব রেল। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ৭ তারিখ রবিরার হাওড়া থেকে ৩৭৩১৫, তারকেশ্বর থেকে ৩৭৩২৬, ব্যান্ডেল থেকে ৩৭৭৪৯, কাটোয়া থেকে ৩৭৭৪৮, ০৩০৯৫ ও আজিমগঞ্জ থেকে ০৩০৯৬ নম্বর ট্রেন বাতিল থাকবে। পাশাপাশি ৩৭৩৬১ হাওড়া-আরামবাগ লোকাল নিজের শেষ গন্তব্যের পরিবর্তে তারকেশ্বর পর্যন্ত যাবে। একইভাবে ৩৭৩৬২ আরামবাগের পরিবর্তে ছাড়বে তারকেশ্বর থেকে। অন্যদিকে হাওড়া-রামপুরহাট শহিদ এক্সপ্রেস বালি স্টেশনে ১০ মিনিটের জন্য নিয়ন্ত্রণ করা হবে। একইভাবে ১২৩০৪ নতুন দিল্লি-হাওড়া পূর্বা এক্সপ্রেস আসানসোল ডিভিশনে ৪৫ মিনিটের জন্য নিয়ন্ত্রণ করা হবে। ৩৭৩২৮ তারকেশ্বর-হাওড়া লোকাল ১১টা ১৫ মিনিটের পরিবর্তে ১১টা ৪৫ মিনিটে ছাড়বে। পাশাপাশি ১২৩৩৮ বোলপুর শান্তিনিকেতন-হাওড়া শান্তিনিকেতন এক্সপ্রেস ১টা ১০ মিনিটের পরিবর্তে ১টা ৪৫ মিনিটে ছাড়বে বলে জানা গিয়েছে।