অ্যাঞ্জেল চাকমাকে খুনের ঘটনায় তৎপর জাতীয় মানবাধিকার কমিশন ৷ দেরাদুনের জেলাশাসক ও সিনিয়র সুপারিনটেনডেন্ট অফ পুলিশকে নোটিশ পাঠানো হল কমিশনের তরফে ৷ ঘটনার তদন্ত করে সাতদিনের মধ্যে রিপোর্ট দিতে বলা হয়েছে ৷ অভিযোগ, ‘চাইনিজ মোমো’ বলে বারবার কটাক্ষ করা হত ত্রিপুরা থেকে দেরাদুনে MBA করতে আসা অ্যাঞ্জেলকে ৷ গত 9 ডিসেম্বর 5-6 জন যুবক বছর চব্বিশের অ্যাঞ্জেলের উপর অতর্কিতে হামলা চালায় ৷ ত্রিপুরার বছর চব্বিশের ওই যুবকের মাথায় ও পিঠে ধারালো অস্ত্র দিয়ে কোপাতে থাকে ৷ হাতপাতালে ভর্তি করা হলে 17 দিন লড়াইয়ের পর গত শুক্রবার প্রয়াত হন অ্যাঞ্জেল ৷ এরপর তাঁর সঙ্গে ঘটে যাওয়া নৃশংশ ঘটনা ও ‘বর্ণবিদ্বেষে’র অভিযোগ সামনে আসে ৷ সোমবার বাবা অভিযোগ করেন ‘চিনা’ তকমা দিয়ে অ্যাঞ্জেলকে খুন করা হয় ৷ এরপরই তৎপর কমিশন ৷ জাতীয় মানবাধিকার কমিশন দেরাদুন প্রশাসনকে ত্রিপুরা ছাত্রকে খুনের ঘটনায় ওঠা সমস্ত অভিযোগের যথাযথ তদন্তের নির্দেশ দিয়েছে ৷ সেইসঙ্গে আগামী সাত দিনের মধ্যে গৃহীত পদক্ষেপের একটি রিপোর্টও চেয়েছে। পাশাপাশি জাতীয় মানবাধিকার কমিশন মামলার পুঙ্খনাপুঙ্খ তদন্তের রিপোর্ট উত্তরাখণ্ডের মুখ্যসচিব এবং ডিরেক্টর জেনারেল অফ পুলিশের কাছে পাঠানোরও নির্দেশ দিয়েছে। কমিশনের নোটিশে আরও বলা আছে, দেরাদুন প্রশাসনকে রাজ্যের সর্বত্র উত্তর-পূর্বাঞ্চল থেকে আসা পড়ুয়াদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে।