সন্ত্রাসবাদী হামলার মামলায় জম্মু কাশ্মীরের অনন্তনাগ জেলার দু’টি জায়গায় তল্লাশি অভিযান চালাল ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি (এনআইএ) ৷ সরকারি সূত্রে খবর, শনিবার দক্ষিণ কাশ্মীরের বিজবেহারা ও ডুরু এলাকায় এই তল্লাশি হয়েছে ৷ এনআইএ-র সঙ্গে যোগ দিয়েছিল জম্মু-কাশ্মীর পুলিশ এবং সিআরপিএফ ৷ তদন্তের অংশ হিসাবে দু’টি বাড়িতেও তল্লাশি চালানো হয়েছে বলে খবর ৷ একটি সন্ত্রাসবাদী হামলার তদন্ত করছে এনআইএ ৷ তারই অংশ হিসাবে এই তল্লাশি অভিযান ৷ কিন্তু সেই জঙ্গি হামলার মামলাটি কী, তা এখনও জানা যায়নি ৷ সূত্রের খবর, দু’টি জায়গায় তল্লাশির পাশাপাশি আইনি প্রক্রিয়ায় পদক্ষেপ করা হচ্ছে ৷ এই তল্লাশিতে কাউকে গ্রেফতার করা হয়েছে কি না, তাও পরিষ্কার নয় ৷ অথবা কোনও বিতর্কিত সামগ্রী বা নথি বাজেয়াপ্ত হয়েছে কি না, তা জানা যায়নি ৷ এর আগে জম্মু-কাশ্মীরের উপ-রাজ্যপাল মনোজ সিনহা উপত্যকায় সন্ত্রাসবাদ নির্মূলে সমাজের বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে সংহতির গুরুত্বের কথা উল্লেখ করেন ৷ ‘জয় সঞ্চয় জন ভাগীদারি’ উদ্যোগের আওতায় রাজৌরি জেলার সুন্দরবনি এলাকার ধরপুরে অমৃতেশ্বর সরোবরের ভিত্তিপ্রস্তর স্থাপন করার সময় ভাষণে এই কথা বলেন উপ-রাজ্যপাল ৷ তিনি শ্রী অমৃতেশ্বর শিব মন্দিরে পুজো দেন ৷

