নিট পরীক্ষার জন্য নতুন দিন ঘোষণার পরই সাংবাদিক বৈঠকে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান ৷ শুক্রবারের এই বৈঠকে তিনি বলেন, “2026 সালের 21 জুন নির্ধারিত NEET-UG পরীক্ষার অ্যাডমিট কার্ড দেওয়া হবে 14 জুনের মধ্যে ৷ পরীক্ষা কেন্দ্র হিসেবে পছন্দের শহর বেছে নিতে ছাত্রছাত্রীরা এক সপ্তাহ সময় পাবে ৷” তিনি এও ঘোষণা করেছেন যে, আগামী বছর থেকে এই মেডিক্যাল প্রবেশিকা পরীক্ষাটি কম্পিউটার-ভিত্তিক পরীক্ষা (CBT) পদ্ধতিতে অনুষ্ঠিত হবে । তাঁর কথায়, “আমি একটি গুরুত্বপূর্ণ বিষয় উল্লেখ করতে চাই যে, আগামী বছর থেকে মূল সমস্যার সমাধান করা হবে । NEET পরীক্ষা বর্তমান OMR পদ্ধতির পরিবর্তে কম্পিউটার-ভিত্তিক পরীক্ষা (CBT) পদ্ধতিতে অনুষ্ঠিত হবে ।” তিনি বলেন, “আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার হল ছাত্রছাত্রী এবং তাদের ভবিষ্যৎ । সরকার ছাত্রছাত্রীদের কঠোর পরিশ্রম ও প্রচেষ্টার প্রতি সর্বদা সংবেদনশীল থেকেছে । প্রশ্নপত্র ফাঁসের বিষয় সামনে আসতেই অবিলম্বে আলোচনা হয় ৷ NTA ও সরকার, উচ্চশিক্ষা বিভাগের সঙ্গে মিলে একটি প্রাথমিক তদন্ত শুরু করে । এরপর বিষয়টি ভারত সরকারের সংশ্লিষ্ট সংস্থাগুলোর কাছে হস্তান্তর করা হয় ৷ প্রাথমিকভাবে, বিষয়টি 2-3টি রাজ্যের সঙ্গে সম্পর্কিত বলে মনে হওয়ায়, সেই রাজ্যগুলোর সংস্থাগুলোর সঙ্গেও সমন্বয় স্থাপন করা হয়েছিল । এই প্রক্রিয়াটি কার্যকরভাবে 7 মে রাতে শুরু হয় এবং 8 মে থেকে তা অব্যাহত রয়েছে ৷”

তিনি আরও বলেন, “আমরা চাইনি যে শিক্ষা মাফিয়াদের চক্রান্তের কারণে কিংবা কোনও অযোগ্য প্রার্থীর অন্যায় উপায়ে সুবিধা লাভের ফলে কোনও যোগ্য শিক্ষার্থী তার অধিকার থেকে বঞ্চিত হোক ৷ মেধাবী শিক্ষার্থীদের স্বার্থেই এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে । আমি আবারও বলতে চাই যে, আমরা চাইনি কোনও মাফিয়া চক্রের চক্রান্ত কিংবা অর্থের দাপট আপনাদের আসন কেড়ে নিক । আমরা এমনটা ঘটতে দিতে চাইনি ৷ তিনি শিক্ষার্থীদের নির্ভয়ে পরীক্ষায় অংশ নেওয়ার আহ্বান জানিয়ে আরও বলেন, “সরকার আপনাদের পাশে আছে ।” শিক্ষামন্ত্রী এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে আরও বলেন, “অভিভাবক হিসেবে, দায়িত্বপ্রাপ্ত আধিকারিক হিসেবে এবং একজন মন্ত্রী হিসেবে – যা ঘটেছে, তাতে আমরা সকলেই গভীরভাবে মর্মাহত ও উদ্বিগ্ন । তবে বৃহত্তর লক্ষ্য এবং জাতীয় স্বার্থের কথা বিবেচনা করে আমাদের একটি কঠোর সিদ্ধান্ত গ্রহণ করতে হয়েছে । শিক্ষার্থীদের আস্থা আমাদের কাছে সর্বাগ্রে ।”