সোমবার নিট প্রশ্নপত্র ফাঁসের নিয়ে দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিমকোর্ট Federation of All India Medical Association (FAIMA) এবং United Doctors Front (UDF)-এর করা এক আবেদনের শুনানি হয়। আবেদনে তারা National Testing Agency (NTA)-কে ভেঙে দেওয়া অথবা পুরোপুরি পুনর্গঠনের দাবি জানিয়েছে। অভিযোগ, NEET UG 2026 পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় NTA পরীক্ষার স্বচ্ছতা ও নিরাপত্তা বজায় রাখতে ব্যর্থ হয়েছে। আবেদনকারীদের পক্ষে আইনজীবী সত্যম সিং জানান, মামলার পরবর্তী শুনানি আগামী শুক্রবার, ২৯ মে নির্ধারণ করা হয়েছে। FAIMA ও UDF তাদের আবেদনে বলেছে, NEET UG 2026 পরীক্ষায় ব্যাপক প্রশ্নফাঁস এবং পরে পরীক্ষা বাতিল হওয়ার ঘটনা প্রমাণ করে যে NTA-র ব্যবস্থায় “গভীর কাঠামোগত ব্যর্থতা” রয়েছে। তাই তারা একটি স্বাধীন, নিরাপদ ও স্বচ্ছ পরীক্ষা পরিচালনা ব্যবস্থা গড়ে তোলার দাবি জানিয়েছে। আবেদনকারীরা আদালতের কাছে অনুরোধ করেছেন যাতে ভবিষ্যতের মেডিক্যাল প্রবেশিকা পরীক্ষাগুলিতে স্বচ্ছতা, জবাবদিহি ও নিরাপত্তা নিশ্চিত করতে নির্দেশ দেওয়া হয়। বিচারপতি পি এস নরসিংহ-এর নেতৃত্বাধীন বেঞ্চ মামলাটি শুনে সব পক্ষকে নোটিস জারি করেছে। পাশাপাশি আদালত NTA-কে তাদের জবাবি হলফনামা জমা দিতে বলেছে এবং মনিটরিং কমিটির চেয়ারম্যানকে আদালতের নির্দেশ মানা হচ্ছে কি না তা নিশ্চিত করার নির্দেশ দিয়েছে। শুনানির সময় সুপ্রিম কোর্ট মন্তব্য করে যে, আগের NEET প্রশ্নফাঁস বিতর্ক থেকে NTA কোনও শিক্ষা নেয়নি। আদালত বলে, “এটা দুঃখজনক যে তারা আগের অভিজ্ঞতা থেকে শিক্ষা নেয়নি। এই বিষয়টি আগেও আদালতে এসেছিল। তখন একটি মনিটরিং কমিটি কিছু সুপারিশ করেছিল এবং সেগুলি গ্রহণও করা হয়েছিল। আমরা চাই NTA জানাক, সেই সুপারিশগুলি বাস্তবায়নে কী পদক্ষেপ নেওয়া হয়েছে।”