গড়ে ৩জন সংক্রামিতের মধ্যে একজন মারা যেতে পারে !

ফের নতুন ধরনের করোনা ভাইরাস। ‘নিওকোভ’ নামের করোনা ভাইরাস নিয়ে সতর্ক করল খোদ উহানের বিজ্ঞানীমহল । তাঁরা জানিয়েছেন, এই ভাইরাসের সংক্রমণ ক্ষমতা অনেক বেশি। বহু লোকের মৃত্যু হতে পারে। একে রুখতে এখনও পর্যন্ত কেউ কোনও ভ্যাকসিন আবিষ্কার করতে পারেনি । যদিও এখনই এমন কিছু ঘটছে না, আশ্বাস দিয়েছে রাশিয়ার একটি বৈজ্ঞানিক প্রতিষ্ঠান । এটা কিন্তু একেবারে নতুন নয়, জানাচ্ছে চিনের উহান বিশ্ববিদ্যালয় এবং চিনের অ্যাকাডেমি অফ সায়েন্সেস-এর ইনস্টিটউট অফ বায়োফিজিক্স। ২০১২ এবং ২০১৫, দুই সালে মধ্যপ্রাচ্যে শ্বাসকষ্টজনিত সমস্যা এমইআরএস-কোভ-র প্রাদুর্ভাব দেখা দেয় । এর সঙ্গে যোগ রয়েছে নিওকোভ-এর, জানিয়েছেন বিজ্ঞানীরা । উপরে উল্লিখিত দুই প্রতিষ্ঠানের একটি গবেষণায় জানা গিয়েছে, দক্ষিণ আফ্রিকায় বাদুড়দের মধ্যে এই জাতীয় ভাইরাসের সন্ধান মেলে। নিওকোভ এবং এর নিকটাত্মীয় পিডিএফ-২০১৮-কোভ (PDF-2180-CoV) যদি কোনওভাবে মানুষের মধ্যে ছড়িয়ে পড়ে, তাহলে তা ভয়ঙ্কর আকার ধারণ করবে। উদাহরণস্বরূপ, গড়ে তিনজন সংক্রামিতের মধ্যে একজন মারা যেতে পারে। গবেষকরা বলছেন, “শুধুমাত্র একবার মিউটেশন হলেই যথেষ্ট। মানুষের কোষে ঢুকে পড়বে এই মারণ ভাইরাস।”