বিধানসভা নির্বাচনের এখনও কয়েকমাস বাকি ৷ তার আগেই বিহার-জমজমাট ৷ নির্বাচন কমিশনের ভোটার তালিকা সংশোধন (স্পেশাল ইনটেনসিভ রিভিশন, সার)-এর সিদ্ধান্ত ঘিরে সমালোচনার ঝড় উঠেছে ৷ এরই মধ্যে কর্মসংস্থান নিয়ে বিরাট ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী নীতীশ কুমার ৷ জানালেন, আগামী পাঁচ বছরের মধ্যে এককোটি যুবক-যুবতীর চাকরি হবে ৷ রাজনৈতিক মহলের একটা বড় অংশই মনে করছে, ভোটের মুখে ভোটারদের কাছে টানতে এমনই সিদ্ধান্তের কথা ঘোষণা করল বিহার সরকার ৷ রাজ্য়ের যুবক-যুবতীদের বিভিন্ন হাতের কাজ শিখিয়ে দক্ষতা বৃদ্ধি করে ২০৩০ সালের মধ্যে এই পরিমাণ কর্মসংস্থান তৈরি করা হবে বলে জানান মুখ্যমন্ত্রী ৷ আর সেই কাজে গতি আনতে লোকনায়ক করপুরি ঠাকুরের নামে ‘স্কিল ইউনিভার্সিটি’ও তৈরি হবে ৷ রবিবার এক্স হ্যান্ডেলে নীতীশ লেখেন, “২০২৫-২০২৩ এই পাঁচ বছরের মধ্যে রাজ্যের এক কোটি যুবক-যুবতীর কর্মসংস্থানের ব্যবস্থা করা আমাদের লক্ষ্য ৷ সরকারি ক্ষেত্রের পাশাপাশি বেসরকারি ক্ষেত্রেও যাতে নিয়োগের সুযোগ বাড়ে সেই চেষ্টাও করছি আমরা ৷ এ জন্য আমরা একটি উচ্চপর্যায়ের কমিটি তৈরি করছি ৷ ” পোস্টে তিনি আরও লেখেন, “এখনও পর্যন্ত ১০ লক্ষ যুবক-যুবতী সরকারি চাকরি পেয়েছেন ৷ সবমিলিয়ে চাকরি পেয়েছেন ৩৯ লক্ষ ৷ আমরা ৫০ লক্ষ যুবক-যুবতীকে চাকরি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলাম ৷ সেই লক্ষ্য অবশ্যই পূরণ হবে ৷ এবার আমাদের লক্ষ্য দ্বিগুণ কর্মসংস্থানের ব্যবস্থা করা ৷” এই পোস্টেই তিনি লোকনায়ক করপুরি ঠাকুরের নামে ‘স্কিল ইউনিভার্সিটি’ তৈরির ঘোষণাও করেন ৷ পাশাপাশি পরিসংখ্যান তুলে ধরে তাঁর দাবি, ২০২০ থেকে ২০২৫ সালের মধ্যে বিহারের 8 লক্ষ নাগরিক সরকারের বিভিন্ন দফতরে চাকরি পেয়েছেন ৷ এই সংখ্যাটাকেই আরও বাড়ানোর লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে ৷ বিহারের বিধানসভা নির্বাচনের দিন এখনও ঘোষণা হয়নি ৷ কিন্তু নির্বাচন কমিশনের সিদ্ধান্ত ঘিরে তোলপাড় পড়ে গিয়েছে ৷ নির্বাচনের আগে নিয়মমতো ভোটার তালিকা খতিয়ে দেখার কাজ করেছে কমিশন ৷ এ বছর জানুয়ারি মাসে সেই কাজ শেষ হয়েছে ৷ এরপর জুন মাসের ২৪ তারিখ আবারও ভোটার তালিকা খতিয়ে দেখার সিদ্ধান্ত নেয় কমিশন ৷ এই পদক্ষেপের আনুষ্ঠানিক নাম স্পেশাল ইনটেনসিভ রিভিশন বা সার ৷ বিরোধী দলগুলির দাবি, এই সিদ্ধান্তের ফলে বহু ভোটারের নাম তালিকা থেকে বাদ যাবে ৷ নিজেদের দাবিকে সামনে রেখে বিহার বনধেরও ডাক দেয় ইন্ডিয়া শিবির ৷ তাছাড়া তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র-সহ কয়েকজন কমিশনের এই সিদ্ধান্তের বিরোধিতা করে সুপ্রিম কোর্টে মমলাও দায়ের করেছেন ৷ এমতাবস্থায় এক কোটি কর্মসংস্থানের ঘো৷ষণা করে চমক দিলেন নীতীশ ৷