প্রয়াত নাগাল্যান্ডের রাজ্যপাল লা গণেশন। শুক্রবার ৮০ বছর বয়সে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। তিনি পশ্চিমবঙ্গের রাজ্যপালের দায়িত্বও সামলেছেন। বাংলা থেকে জগদীপ ধনখড়ের চলে যাওয়া এবং আনন্দ বোসের আসার মাঝের কয়েকটা দিন লা গণেশন পশ্চিমবঙ্গের রাজ্যপালের দায়িত্ব সামলেছিলেন। তিনি চেন্নাইয়ের একটি বেসরকারি হাসপাতালের আইসিইউতে ভর্তি ছিলেন। নাগাল্যান্ড রাজ্যপালের কার্যালয় তাঁর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে। গত ৮ অগাস্ট চেন্নাইয়ে নিজের বাড়িতে হঠাৎ পড়ে যাওয়ার কারণে মাথায় আঘাত পান তিনি। তাৎক্ষণিকভাবে তাঁকে হাসপাতালে নেওয়া হয়। যেখানে চিকিৎসকরা তাঁকে আইসিইউতে ভর্তি করেন এবং নিবিড় পর্যবেক্ষণে রেখেছিলেন। শুক্রবার চেন্নাইয়ের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন এবং সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে তাঁকে শ্রদ্ধা জানিয়েছেন। নাগাল্যান্ড, তামিলনাড়ু-সহ অনেক রাজ্য তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করেছে।

