banganews.net

লোহিত সাগর এবং এডেন উপসাগরের উপকূল বরাবর ‘হর্ন অফ আফ্রিকা’ বা ‘আফ্রিকার শিং’ এলাকায় ফের মাথাচাড়া দিয়ে উঠেছে জলদস্যুরা। ভৌগোলিক দিক থেকে অত্যন্ত সংবেদনশীল এই জলপথে দুটি পণ্যবাহী জাহাজ হাইজ্যাক করার ঘটনা সামনে এসেছে। ওই দুটি জাহাজে মোট ২২ জন ভারতীয় সহ অন্যান্য দেশের জাহাজকর্মীরাও বন্দি রয়েছেন বলে খবর মিলেছে। বৃহস্পতিবার এই দুটি চাঞ্চল্যকর ঘটনার কথা প্রকাশ্যে আসায় আন্তর্জাতিক জলপথে নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। প্রাথমিক তথ্যানুযায়ী, প্রথম ঘটনাটি ঘটেছে এডেন উপসাগরে। ইয়েমেন উপকূল থেকে প্রায় ৩০ নটিক্যাল মাইল দূরে ইরিত্রিয়ার পতাকাবাহী তেলবাহী ট্যাঙ্কার ‘এমটি সিবু ১’-এর ওপর হামলা চালায় ছ’জন সশস্ত্র জলদস্যু। ট্যাঙ্কারটিতে মোট ২০ জন কর্মী ছিলেন, যার মধ্যে ১৬ জনই ভারতীয়। বাণিজ্যিক জাহাজ চলাচলের ওপর নজর রাখা সংস্থা ‘ডাইরেক্টরেট অফ মেরিটাইম অ্যাডমিনিস্ট্রেশন’ জানিয়েছে, ইয়েমেন উপকূলে হাইজ্যাক হওয়া ওই জাহাজে থাকা সমস্ত কর্মী আপাতত নিরাপদে রয়েছেন, যদিও তাঁদের বর্তমান অবস্থান ও পরিস্থিতি নিয়ে এখনো স্পষ্ট কোনো চিত্র মেলেনি। ইয়েমেন উপকূলে জাহাজটিকে ঠিক কবে হাইজ্যাক করা হয়েছে, তাও এখনও নির্দিষ্টভাবে জানা যায়নি। অন্যদিকে, দ্বিতীয় ঘটনাটি ঘটেছে গত সোমবার সোমালিয়ার পুন্টল্যান্ড উপকূলের কাছাকাছি এলাকায়। সেখানে ক্যামেরুনের পতাকাবাহী ‘এমভি লুটুফ’ নামের একটি জাহাজ হাইজ্যাক করে জলদস্যুরা। সংবাদসংস্থা এপি সূত্রে জানা গিয়েছে, সামরিক জিনিসপত্র বহনকারী এই জাহাজটি সোমালিয়ার মোগাদিশু শহরের একটি তুর্কি সেনা প্রশিক্ষণ কেন্দ্রের উদ্দেশে রওনা হয়েছিল। এই জাহাজে থাকা ১০ জন কর্মীর মধ্যে ছ’জনই ভারতীয়। হাইজ্যাক করার পর জাহাজটিকে জোর করে সোমালিয়ার নুগাল উপকূলের দিকে নিয়ে যাওয়া হয়েছে। কমার্শিয়াল জলপথে বারবার এ ধরনের জলদস্যুর হানা ও ভারতীয় নাগরিকদের বন্দি করার ঘটনায় কপালে চিন্তার ভাঁজ পড়েছে সংশ্লিষ্ট মহলের।