ভোটাধিকার যাত্রার মঞ্চ থেকে তাঁর মায়ের উদ্দেশে অশ্লীল ভাষা প্রয়োগের অভিযোগে ক্ষোভ উগরে দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ মঙ্গলবার তিনি বলেন, “আমি হয়তো আরজেডি-কংগ্রেসকে ক্ষমা করে দেব ৷ কিন্তু আমার মা-কে অসম্মানের ঘটনায় বিহারের মানুষ তাদের কখনও ক্ষমা করবে না ৷” এদিন ভার্চুয়াল মাধ্যমে বিহারের একটি সরকারি অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন প্রধানমন্ত্রী ৷ তখনই মায়ের অপমানের অভিযোগে বিহারের বিরোধী দলগুলিকে তুলোধনা করেন ৷ সম্প্রতি বিহারে প্রধানমন্ত্রীর মা-কে উদ্দেশ করে আপত্তিকর মন্তব্য করার অভিযোগ উঠেছে ৷ লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধি, বিহার বিধানসভার বিরোধী দলনেতা তেজস্বী যাদবের মঞ্চ থেকে এই ধরনের ভাষা ব্যবহার করা হয়েছে বলে দাবি গেরুয়া শিবিরের ৷ এই ইস্যুতে বিজেপি কংগ্রেসের কড়া সমালোচনা করে চলেছে ৷ দেশের একাধিক জায়গায় বিজেপি ও কংগ্রেসের মধ্যে সংঘর্ষের ঘটনাও ঘটেছে ৷ গত ১৭ অগস্ট বিহারের সাসারাম থেকে ভোটাধিকার যাত্রা শুরু হয় ৷ এরপর গত বুধবার ২৭ অগস্ট ওই যাত্রার মঞ্চ থেকে প্রধানমন্ত্রী মোদি ও তাঁর মা-কে উদ্দেশ করে আপত্তিকর ভাষায় মন্তব্য করার অভিযোগ উঠেছে ৷ এনিয়ে বিহারে ধুন্ধুমার কাণ্ড বেধেছে ৷

