প্রথম দফার বিধানসভা ভোটের দিনই রাজ্যে নির্বাচনী প্রচার চালান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ঠাসা কর্মসূচির মধ্যেই পৌঁছে যান বেলুড় মঠে। সকালেই তিনি মঠে গিয়ে মহারাজদের প্রণাম সেরে স্বামী বিবেকানন্দের ধ্যানস্থানের সামনে কিছুক্ষণ একান্তে সময় কাটান। পরে এক্স হ্যান্ডেলে তিনি লেখেন, “যে স্থানে স্বামী বিবেকানন্দ ধ্যান করতেন, আজ সেখানে যেতে হতে পেরে আমি অভিভূত।” এদিন জনসভা থেকেও রাজ্যের ভোট-পরিস্থিতি নিয়ে তোপ দাগেন প্রধানমন্ত্রী। তাঁর দাবি, পশ্চিমবঙ্গে এই মুহূর্তে পরিবর্তনের ঝড় বইছে। প্রথম দফার ভোটে মহিলা ও যুব ভোটারদের ব্যাপক উপস্থিতিকেই তিনি সেই পরিবর্তনের বড় দৃষ্টান্ত বলে তুলে ধরেন। মোদীর কথায়, ‘আজ পশ্চিমবঙ্গের রেকর্ড ভোটিংই বলে দিচ্ছে, ভয় হারছে, ভরসা জিতছে।’

