একসময় তাঁর দাপটে দক্ষিণ ২৪ পরগনার ফলতা-সহ সংলগ্ন এলাকায় বিরোধীদের খুঁজেই পাওয়া যেত না, বৃহস্পতিবার সেই তৃণমূল নেতা জাহাঙ্গির খানকে রাস্তায় ঘোরালো পুলিশ৷ এদিন ফলতার বিভিন্ন জায়গায় তাঁকে ঘোরানো হয়৷ পরনে ছিল হাফ প্যান্ট ও টি-শার্ট৷ দাপুটে এই তৃণমূল নেতাকে এই অবস্থায় দেখে রীতিমতো ভিড় জমে যায় ফলতার রাস্তায়৷ ফলতার প্রাক্তন বিধায়ক জাহাঙ্গির খান ফলতা ও সংলগ্ন অঞ্চলে গত কয়েকবছরে দাপুটে তৃণমূল নেতা হিসেবেই পরিচিত ছিলেন৷ তাঁকে এলাকার মানুষ তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ বলে পরিচিত ছিলেন৷ বিরোধীরা বহুবার তাঁর বিরুদ্ধে সরব হয়েছেন৷ এলাকায় সন্ত্রাস সৃষ্টি এবং ভোটের সময় এলাকায় ভয়ের পরিবেশ তৈরি করে অবাধ নির্বাচনে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে বারবার৷ এবারের বিধানসভা নির্বাচনে এই অভিযোগ নতুন করে ওঠে৷ ভোটের আগে দক্ষিণ 24 পরগনার পুলিশ পর্যবেক্ষক অজয় পাল শর্মাকে জাহাঙ্গিরের বাড়ির সামনে গিয়ে হুঁশিয়ারিও দিতে দেখা যায়৷ যার পালটা জাহাঙ্গির নিজেকে ‘পুষ্পা’ বলে পরিচয় দিয়েছিলেন৷ যদিও ভোটের দিন ফলতায় রিগিংয়ের অভিযোগ ওঠে৷ নির্বাচন কমিশন ভোট বাতিল করে দেয়৷
ওই কেন্দ্রে পুনর্নির্বাচন হয় গত 21 মে৷ ততদিনে রাজ্যে তৃণমূল জমানার ইতি ঘটে গিয়েছে৷ বিজেপির সরকারও তৈরি হয়ে গিয়েছে৷ সেই পরিস্থিতিতে ভোটের আগেই সরে দাঁড়ান জাহাঙ্গির৷ সম্প্রতি তাঁকে রাজ্য পুলিশের এসটিএফ গ্রেফতার করে ভারত-নেপাল সীমান্ত থেকে৷ অভিযোগ, তিনি নেপালে পালিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন৷ সেখান থেকে নিয়ে এসে তাঁকে ডায়মন্ড হারবার আদালতে পেশ করা হয়৷

