রাজ্যসভায় রইল বাকি ১০ ৷ ফের রাজ্যসভার সাংসদ পদ থেকে ইস্তফা দিলেন আরও এক সাংসদ ৷ সোমবার সুখেন্দুশেখর রায়, গতকাল সুস্মিতা দেব আর বৃহস্পতিতে প্রকাশ চিক বরাইক ৷ রাজ্যসভার তৃতীয় তৃণমূল সাংসদ হিসেবে ইস্তফা দিলেন আলিপুরদুয়ারের কুমারগ্রামের এই নেতা ৷ এর সঙ্গেই রাজ্যসভায় তৃণমূলের সাংসদ সংখ্যা ১৩ থেকে কমে হল ১০। এদিন রাজ্যসভার চেয়ারম্যান সিপি রাধাকৃষ্ণণের কাছে পাঠানো পদত্যাগপত্রে প্রকাশ চিক জানিয়েছেন, তিনি অবিলম্বে এই উচ্চকক্ষের সদস্যপদ থেকে সরে দাঁড়াচ্ছেন ৷ চিঠিতে লেখা হয়েছে, “আমি এতদ্বারা রাজ্যসভার সদস্যপদ থেকে পদত্যাগ করছি ৷ অনুগ্রহ করে তা অবিলম্বে গ্রহণ করা হোক।” এছাড়াও তিনি তাঁর কার্যকাল সময়ে পাওয়া সহযোগিতা ও সমর্থনের জন্য চেয়ারম্যান ও সচিবালয়ের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। চিঠিতে আরও বলা হয়েছে, “রাজ্যসভার সদস্য হিসেবে আমার কার্যকালে যে সহায়তা ও সহযোগিতা পেয়েছি, তার জন্য আমি মহামান্য চেয়ারম্যান, মাননীয় ডেপুটি চেয়ারম্যান এবং রাজ্যসভা সচিবালয়ের সকল কর্মকর্তার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি।” আলিপুরদুয়ারের কুমারগ্রামের নিউল্যান্ডস চা বাগানের বাসিন্দা প্রকাশ চিক বরাইক। তিনি রাজ্যসভার সাংসদ থাকার পাশাপাশি আলিপুরদুয়ার জেলা তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি ছিলেন। প্রকাশ চিক বরাইক বলেন, “বাংলায় ভোটে তৃণমূলের পতন দেখে আমার এই সিদ্ধান্ত। অন্য কোনও কারণ নেই ৷ পদ থেকে ইস্তফা দিলাম। রায় আমাদের পক্ষে নেই ।” সদ্য পদত্যাগ করা রাজ্যসভার তৃণমূল সাংসদ আরও বলেন, “বাংলায় বর্তমান মুখ্যমন্ত্রী মাননীয় শুভেন্দু অধিকারী যেভাবে পথ দেখাবেন সেই মতো কাজ করব ৷”

