দীর্ঘদিনের প্রথা ভেঙে রাজভবনের দুয়ার খুলে দেওয়া হতে চলেছে সাধারণ মানুষের জন্য। এবার থেকে সাধারণ মানুষ রাজভবনে প্রবেশ করে ঘুরে দেখতে পারবেন। সোমবার রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু নিজেই রাজভবনের প্রতীকী চাবি মুখ্যমন্ত্রীর হাতে তুলে দিয়েছেন। রাষ্ট্রপতি হওয়ার পর দু দিনের বঙ্গ সফরে এসেছেন দ্রৌপদী মুর্মু। রাজ্য সরকারের তরফে রাষ্ট্রপতিকে নাগরিক সম্বর্ধনা দেওয়া হয়। রাষ্ট্রপতির জন্য ওইদিন রাজভবনে নৈশভোজের আয়োজন করেছিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। সেখানে ছিলেন মুখ্যমন্ত্রীও। সূত্রের খবর, সেখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে রাজভবনের দুয়ারের একটি প্রতীকী চাবি তুলে দেন রাষ্ট্রপতি। যে চাবি রাষ্ট্রপতিকে দিয়েছিলেন সিভি আনন্দ বোস। রাজভবনের দুয়ারের প্রতীকী চাবি মুখ্যমন্ত্রীর হাতে তুলে দেওয়ার কথা রাজভবনের তরফেও জানানো হয়েছে। মঙ্গলবার রাজভবনের তরফে টুইট করে জানানো হয়েছে, রাজভবন এখন থেকে ‘জন রাজভবন’। অর্থাৎ রাজভবনের ভিতর ও বাইরে ঘুরে দেখার সুযোগ পাবেন আমজনতাও। যার নাম দেওয়া হয়েছে ‘হেরিটেজ ওয়াক’। এর আগে রাষ্ট্রপতি সেকেন্দ্রাবাদে ‘রাষ্ট্রপতি নিলয়’ খুলে দিয়েছিলেন সাধারণের জন্য। এবার ঔপনিবেশিক ধারা ভেঙে খুলে দেওয়া হচ্ছে বাংলার রাজভবনের দরজাও।