রাজ্য জুড়েই বৃষ্টির পূর্বাভাস । একটি নিম্নচাপ অক্ষরেখা রয়েছে রাজ্যের উপর। সেই কারণেই গত কয়েক দিন ধরেই হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হচ্ছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। অন্যদিকে, মৌসুমি বায়ু সক্রিয় উত্তরবঙ্গে, তাই উত্তরের জেলাগুলিতেও ভালো বৃষ্টি হচ্ছে। সেখানে আপাতত ভারী বৃষ্টি হবে। আজ থেকে আগামী চারদিন উত্তরবঙ্গের জেলাগুলিতে ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস জারি করল আবহাওয়া দপ্তর। আবহাওয়া দপ্তরসূত্রে জানা গিয়েছে, দিন দুয়েকের মধ্যে একটি নিম্নচাপ সক্রিয় হবে রাজ্যের উপকূলে। সেই কারণে বৃষ্টি বাড়বে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। বেশি বৃষ্টি হবে দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূম ও মুর্শিদাবাদে। মাঝারি বৃষ্টি হবে কলকাতা ও পার্শ্ববর্তী এলাকাগুলিতেও।

