আগামী সোমবার পর্যন্ত উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করল আলিপুর আবহাওয়া অফিস । ইতিমধ্যে দেশের উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলোতে বৃষ্টি দুর্যোগ অব্যাহত । অসমে হড়পা বানে ব্যাপক ক্ষতি হয়েছে । বাংলার উত্তরের জেলাগুলোতেও ভারী থেকে অতিভারী বৃষ্টিতে দুর্যোগ চলছে । দক্ষিণবঙ্গে আপাতত ভারী বৃষ্টির পূর্বাভাস নেই ৷

আলিপুর আবহাওয়া অফিস জানিয়েছে, রাজস্থান থেকে গাঙ্গেয় বঙ্গ পর্যন্ত বিস্তৃত মৌসুমী অক্ষরেখা, উত্তর-পূর্ব বাংলাদেশ সংলগ্ন ঘূর্ণাবর্ত এবং উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত আরও একটি ঘূর্ণাবর্তের প্রভাবে আগামী কয়েকদিন ঝড়বৃষ্টি চলবে । বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প প্রবেশ করায় উত্তরবঙ্গে বৃষ্টি আরও বাড়বে ।

আজ 25 জুন বৃহস্পতিবার জলপাইগুড়ি, কোচবিহার ও আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে । 26 জুন শুক্রবার থেকে 29 জুন সোমবার পর্যন্ত উত্তরবঙ্গের একাধিক জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে । ওপরের পাঁচটি জেলা জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, দার্জিলিং ও কালিম্পংয়ে 7 থেকে 20 সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে । 27 ও 28 জুন অর্থাৎ শনি ও রবিবার জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারের এক বা দুই জায়গায় 20 সেন্টিমিটারেরও বেশি অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে । উত্তরবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি এবং ঘণ্টায় 30 থেকে 40 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে । কিছু জেলায় হাওয়ার গতিবেগ 40 থেকে 50 কিলোমিটার পর্যন্ত পৌঁছতে পারে ।

অন্যদিকে, দক্ষিণবঙ্গেও আগামী কয়েকদিন বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে । 26 জুন শুক্রবার পুরুলিয়া, বাঁকুড়া, দুই বর্ধমান, ঝাড়গ্রাম, বীরভূম ও মুর্শিদাবাদে বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে । শনি ও রবিবার অর্থাৎ 27 ও 28 জুন দক্ষিণ 24 পরগনা, নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম এবং পশ্চিম বর্ধমানে বজ্রপাত-সহ ঝড়ের সম্ভাবনা রয়েছে । 29 ও 30 জুন অর্থাৎ সোম ও মঙ্গলবার দক্ষিণবঙ্গের সব জেলাতেই বিক্ষিপ্ত বৃষ্টি ও বজ্রবিদ্যুতের পূর্বাভাস রয়েছে । এদিকে সমুদ্র উত্তাল থাকার আশঙ্কায় মৎস্যজীবীদের জন্য সতর্কতা ইতিমধ্যেই জারি করা হয়েছে । গতকালের মতো আজও বাংলা ও উত্তর ওড়িশা উপকূলে ঘণ্টায় 40 থেকে 60 কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে । তাই ওই সময়ে সমুদ্রে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে ।