তাপমাত্রা স্বাভাবিকের নিচে থাকলেও অস্বস্তিকর আর্দ্রতাজনিত গরমের অনুভূতি রয়েছে । এই পরিস্থিতি আজও চলবে । তবে সপ্তাহান্তে রাজ্যজুড়ে আবহাওয়ার ভোলবদলের সম্ভাবনা । আজ শুক্রবার দিনের আকাশ আংশিক মেঘলা থাকবে । বিকেলের পর সন্ধ্যার দিকে কালবৈশাখী ঝড়ের সঙ্গে বৃষ্টির সম্ভাবনা রয়েছে বেশ কিছু জেলায় । সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে 33 এবং 25 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে ঘোরাফেরা করবে ।

আগামী দু’দিন দক্ষিণবঙ্গে দিনের তাপমাত্রা 2-3 ডিগ্রি কমবে । এরপর ধীরে ধীরে 3-4 ডিগ্রি বাড়বে । উত্তরবঙ্গে তাপমাত্রায় বড় পরিবর্তন নেই । দুই বঙ্গেই বজ্রঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজ ৷ তবে পরে বাড়বে গরম ।আলিপুর আবহাওয়া অফিস জানিয়েছে, পূর্ব-পশ্চিম অক্ষরেখা বরাবর একটি নিম্নচাপ রেখা দক্ষিণ-পূর্ব রাজস্থান থেকে মণিপুর পর্যন্ত বিস্তৃত রয়েছে । এর পাশাপাশি উত্তর বাংলাদেশ ও সংলগ্ন অঞ্চলের ঘূর্ণাবর্ত রয়েছে । বঙ্গোপসাগর থেকে প্রচুর জলীয় বাষ্প ঢোকার ফলে আজও দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে ।

দক্ষিণবঙ্গের আবহাওয়ার পূর্বাভাস

আজও বিক্ষিপ্তভাবে বজ্রপাত-সহ ঝড়বৃষ্টি চলবে । সঙ্গে ঝোড়ো হাওয়ার গতিবেগ ঘণ্টায় 30-40 কিলোমিটার পর্যন্ত হতে পারে । আগামিকাল শনিবার থেকে বৃষ্টির পরিমাণ কমে আসবে । মুর্শিদাবাদ, বীরভূম, নদিয়া ও পূর্ব বর্ধমানে হালকা বৃষ্টি হতে পারে । বাকি জেলায় শুষ্ক আবহাওয়া থাকবে । নতুন সপ্তাহে দক্ষিণবঙ্গে শুষ্ক গরম আবহাওয়ার পূর্বাভাস রয়েছে । পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রামে তীব্র অস্বস্তিকর গরম থাকবে ।

উত্তরবঙ্গের আবহাওয়ার পূর্বাভাস

আজ সব জেলায় বজ্রপাত-সহ বিক্ষিপ্ত ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে । বিশেষ করে ওপরের পাঁচটি জেলা অর্থাৎ, দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, কোচবিহার ও আলিপুরদুয়ারে ঝোড়ো হাওয়ার দাপট বেশি থাকবে । আগামিকাল শনিবারও এই জেলাগুলিতে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে । আগামী সপ্তাহের বুধবার পর্যন্ত উত্তরবঙ্গের পাহাড়ি ও ডুয়ার্স এলাকায় বিক্ষিপ্ত বৃষ্টি চলবে ৷ তবে সমতলে আবহাওয়া ধীরে ধীরে শুষ্ক হবে । গরম বাড়বে ।