পূর্বাভাস অনুযায়ী বৃহস্পতিবার সন্ধ্যার পর ভিজেছে একাধিক জেলা ৷ শুখা মরশুমের এই প্রথম বৃষ্টিতে মুখে চওড়া হাসি চা বাগান কর্তৃপক্ষের । আজ শুক্রবার দিনের বেলা মূলত আংশিক মেঘলা আকাশ থাকবে । সঙ্গে সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে 32 এবং 25 ডিগ্রির আশেপাশে ঘোরাফেরা করবে । বঙ্গোপসাগর থেকে জলীয় বাষ্পের প্রবেশ বেশি । ফলস্বরূপ উত্তর এবং দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টিপাত ৷ একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে বাংলাদেশ সংলগ্ন দক্ষিণবঙ্গের কাছাকাছি জায়গায় । সঙ্গে নিম্নচাপ অক্ষরেখাও রয়েছে বাংলাদেশ সংলগ্ন দক্ষিণবঙ্গের কাছাকাছি । এর ফলে এই বৃষ্টি পরিস্থিতি । রবি থেকে মঙ্গলবার অর্থাৎ 15 মার্চ থেকে 17 তারিখ পর্যন্ত এই বৃষ্টিপাতের পরিমাণ বাড়বে । বাতাসে জলীয়বাষ্প প্রবেশের পরিমাণ বেশি । তার ফলেও বৃষ্টিপাত হচ্ছে ।
উত্তরবঙ্গের বৃষ্টি নিয়ে হাওয়া অফিসের বক্তব্য
বিষয়টি নিয়ে আলিপুর আবহাওয়া অফিসের আবহবিদ সৌরিশ বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, বৃহস্পতিবার সন্ধ্যায় কলকাতা এবং তার পার্শ্ববর্তী দুই 24 পরগনা বছরের প্রথম বৃষ্টির ছোঁয়া পেয়েছে । তবে আগামী পাঁচ থেকে ছয় দিন বৃষ্টিপাতের সম্ভাবনা উত্তরবঙ্গে বেশি রয়েছে । বিশেষ করে উত্তরের ওপরের পাঁচটি জেলা অর্থাৎ, দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার ও আলিপুরদুয়ারে । এই জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাতের সম্ভাবনা বেশি রয়েছে । সেই সঙ্গে দমকা হাওয়া চলবে মঙ্গলবার পর্যন্ত । আজকেও দু-এক জায়গা ভারী বৃষ্টিরও সম্ভাবনা রয়েছে । বিশেষ করে জলপাইগুড়ি, দার্জিলিং ও আলিপুরদুয়ার জেলায় । আগামী দুই থেকে তিন দিনের মধ্যে বৃষ্টিপাতের জন্য উত্তরবঙ্গে দিনের তাপমাত্রা দু থেকে তিন ডিগ্রি কমবে । আকাশ থাকবে আংশিক মেঘলা ৷
দক্ষিণে কেমন থাকবে আবহাওয়া
দক্ষিণবঙ্গে গতকালের পরে আজকেও দু-এক জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে । বিশেষ করে বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়া জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে । এছাড়া বাকি জেলার অন্যান্য জায়গাগুলিতে স্থানীয়ভাবে খুব হালকা বৃষ্টি হতে পারে । আজ শুক্রবার বীরভূম এবং মুর্শিদাবাদে বৃষ্টিপাতের সম্ভাবনাটা বেশি । এছাড়া দক্ষিণবঙ্গের বাকি সব জেলাতেই মূলত শুষ্ক আবহাওয়া থাকবে । আগামিকাল শনিবার বীরভূম, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর এবং মুর্শিদাবাদে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে ৷ এরপর রবি থেকে মঙ্গলবার বৃষ্টিপাতের সম্ভাবনা বাড়বে দক্ষিণবঙ্গের সব জেলাতে । বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দু-এক জায়গায় ৷ সেই সঙ্গে থাকবে দমকা হাওয়া ৷ কোথাও কোথাও 40 থেকে 50 কিলোমিটার প্রতি ঘণ্টা বেগে হাওয়া বইতে পারে । কলকাতা ও তার পার্শ্ববর্তী অঞ্চলে আজ বৃষ্টিপাতের সম্ভাবনা কম । শুধু আংশিক মেঘলা আকাশ থাকার সম্ভাবনা রয়েছে ৷ রবি থেকে মঙ্গলবারের মধ্যে বৃষ্টিপাতের সম্ভাবনাটা বেশি রয়েছে । হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সঙ্গে দমকা হাওয়া বইবে ।


