আট রানে ছয় উইকেট হারানোর পরেও আইপিএলে সর্বনিম্ন রানের লজ্জার ইনিংস থেকে বাঁচল দিল্লি ক্য়াপিটালস ৷ চরম ব্য়াটিং বিপর্যয়ের সম্মুখীন হয়ে অবশ্য ম্য়াচ জিততে ব্যর্থ তারা ৷ ফিরোজ শা কোটলায় 75 রানে অলআউট হয়ে উইকেটে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর কাছে নয় উইকেটে গো-হারা অক্ষর প্যাটেল অ্যান্ড কোং । এই রান আইপিএলে দিল্লি ফ্র্যাঞ্চাইজির তৃতীয় সর্বনিম্ন স্কোরও বটে। ভুবনেশ্বর কুমারের স্যুইং ও জোশ হ্যাজলউডের গতিতে পরাস্ত হয়ে এদিন হুড়মুড়িয়ে ভেঙে পড়ে ক্যাপিটালসের টপ-অর্ডার। স্কোরলাইন দেখে একসময় ক্রিকেট না ফুটবল গুলিয়ে যাচ্ছিল। পাওয়ার প্লে’তে এদিন ছয় উইকেট হারিয়ে 13 রান তোলে ক্যাপিটালস, যা আইপিএলের ইতিহাসে সর্বনিম্ন। আরসিবি’র কাছে সুযোগ ছিল নিজেদের কাঁধ থেকে লজ্জার রেকর্ড নামিয়ে ক্যাপিটালসকে 49-এর মধ্যে অলআউট করা। কিন্তু এক বাঙালি ব্যাটার ক্যাপিটালসকে লজ্জার সেই নজির থেকে রক্ষা করেন। অভিষেক পোড়েলের 33 বলে 30 রানে স্কোরবোর্ডে 75 তোলে দিল্লি। হ্যাজলউডের চতুর্থ শিকার হন তিনি। তাঁর আগে ম্যাচের সেরা অজি পেসার ফেরান কেএল রাহুল (1), সমীর রিজভি (0) ও নীতীশ রানাকে (1)। 19 রান করেন ডেভিড মিলার। অভিষেক ম্যাচে 12 রান করেন কাইল জেমিসন। দু’অঙ্কের ঘরে পৌঁছন এই তিনজন। তিন ওভার হাত ঘুরিয়ে পাঁচ রানে তিন শিকার ভুবির। তাঁর স্যুইংয়ে ফেরেন নবাগত সাহিল পরখ (0), ট্রিস্টান স্টাবস (5) ও দিল্লি অধিনায়ক অক্ষর প্যাটেল (0)। এছাড়া একটি করে উইকেট নেন রশিক সালাম, সুয়াশ শর্মা ও ক্রুনাল পান্ডিয়া।

জবাবে জ্যাকব বেথেলের উইকেট হারালেও সহজ লক্ষ্যমাত্রা তাড়া করতে 6.3 ওভারের বেশি খরচ করেনি আরসিবি। প্রথম পর্বে হারের মধুর বদলা নিয়ে 81 বল বাকি থাকতে এক উইকেট হারিয়ে 77 রান তুলে ফেলে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা ৷ 15 বলে 23 রানে অপরাজিত থেকে ঐতিহাসিক কীর্তি গড়েন বিরাট কোহলি ৷ 11 রান করার সঙ্গে সঙ্গে প্রথম ব্যাটার হিসেবে আইপিএলে 9,000 রানের মাইলস্টোন ছুঁয়ে ফেলেন তিনি ৷ 13 বলে 34 রানে অপরাজিত থাকেন দেবদূত পারিক্কল ৷ আরসিবি’র এই জয় আইপিএলে দ্রুততম জয়ের তালিকায় জায়গা করে নিল দ্বিতীয়স্থানে (বল বাকির নিরিখে) ৷ 2008 সালে কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে 87 বল বাকি থাকতে ম্যাচ জিতেছিল মুম্বই ইন্ডিয়ান্স ৷ যা এখনও দ্রুততম জয়ের নজির আইপিএলে ৷ এই জয়ের ফলে আট ম্যাচে 12 পয়েন্ট নিয়ে দ্বিতীয়স্থানে অবস্থান মজবুত হল আরসিবি’র ৷ রানরেটও ভালোই বাড়িয়ে নিল তারা ৷ অন্যদিকে আট ম্য়াচে পঞ্চম হারে অবস্থা আরও খারাপ হল ক্যাপিটালসের ৷ ছয় পয়েন্ট নিয়ে সাতে তারা ৷