মহারাষ্ট্রের গৌরব ছত্রপতি শিবাজি মহারাজ–এর জন্মবার্ষিকী উপলক্ষে প্রকাশ্যে এসেছিল ঐতিহাসিক ছবি রাজা শিবাজি–র ফার্স্ট লুক পোস্টার। এবার প্রকাশ্যে এল বহুল প্রতীক্ষিত ঐতিহাসিক অ্যাকশন ড্রামা ‘রাজা শিবাজি’-র টিজার। দুই মিনিটের দীর্ঘ এই ভিডিওতে মারাঠা সাম্রাজ্যের বীরত্ব এবং স্বরাজ প্রতিষ্ঠার লড়াইয়ের এক মহাকাব্যিক চিত্র তুলে ধরা হয়েছে। এই ছবির পরিচালনা করছেন অভিনেতা রিতেশ দেশমুখ। এই ছবির প্রথম ঝলক প্রকাশ্যে আসতেই সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয়েছে জোর চর্চা। আগামী ১ মে ২০২৬ সালে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে এই ছবি। ছবিটি প্রযোজনা করেছেন জ্যোতি দেশপান্ডে এবং জেনেলিয়া দেশমুখ। সঙ্গীত পরিচালনার দায়িত্বে রয়েছেন জনপ্রিয় সঙ্গীত পরিচালক জুটি অজয়-অতুল। ছবির তারকাসূচিও যথেষ্ট আকর্ষণীয়। রিতেশের পাশাপাশি গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা যাবে সঞ্জয় দত্ত, বিদ্যা বালান, অভিষেক বচ্চন, মহেশ মাঞ্জরেকর, ফারদিন খান এবং ভাগ্যশ্রী–কে। ভারতীয় ইতিহাসের এক উত্তাল অধ্যায়কে রুপালি পর্দায় জীবন্ত করতে আসছে ‘রাজা শিবাজি’। মঙ্গলবার সন্ধ্যায় ছবির টিজার মুক্তির মাধ্যমে দর্শকদের সামনে আনা হলো ছত্রপতি শিবাজি মহারাজ হিসেবে রিতেশ দেশমুখ এবং শম্ভাজি শাহাজি ভোঁসলে হিসেবে অভিষেক বচ্চনের লুক। সঞ্জয় দত্তকে এখানে দেখা যাবে শক্তিশালী ও ভয়ঙ্কর মোগল সেনাপতি আফজল খাঁ-র ভূমিকায়। রিতেশকে দেখা যাচ্ছে একেবারে মারাঠা যোদ্ধা-রাজার রূপে। পরনে সময়োপযোগী বর্ম, হাতে তলোয়ার এবং উড়ছে গেরুয়া পতাকা। যুদ্ধক্ষেত্রে দাঁড়িয়ে থাকা তাঁর এই লুক থেকেই স্পষ্ট, ছবির মূল ফোকাস থাকবে শিবাজির ‘স্বরাজ’ প্রতিষ্ঠার সংগ্রামকে ঘিরে। ইতিহাস যখন থমকে গিয়েছিল, তখন এক তরুণ যোদ্ধা তা নতুন করে লেখার শপথ নিয়েছিলেন। আর সেই শপথ থেকেই জন্ম নিয়েছিল স্বরাজ। ভিডিওটিতে দেখা গেছে, বিদেশি শক্তির হাত থেকে নিজেদের ভূখণ্ড রক্ষার জন্য একজোট হয়েছে মারাঠা যোদ্ধারা। রিতেশ দেশমুখের শক্তিশালী উপস্থিতি এবং অ্যাকশন দৃশ্যগুলো দর্শকদের নজর কেড়েছে। এছাড়া টিজারে বিদ্যা বালান, জেনেলিয়া দেশমুখ, মহেশ মাঞ্জরেকর এবং বোমান ইরানির মতো একঝাঁক তারকার উপস্থিতি ছবিটির গুরুত্ব আরও বাড়িয়ে দিয়েছে। উল্লেখযোগ্য বিষয়, ২০২২ সালে মুক্তিপ্রাপ্ত মারাঠি ছবি ভেড পরিচালনা ও লেখার মাধ্যমে পরিচালনায় আত্মপ্রকাশ করেছিলেন রিতেশ। সেই ছবি সমালোচকদের প্রশংসা পাওয়ার পাশাপাশি বক্স অফিসেও দারুণ সাফল্য পায়। ওই বছর এটি সর্বাধিক আয় করা মারাঠি ছবি হয়েছিল এবং সর্বকালের তৃতীয় সর্বোচ্চ আয়কারী মারাঠি ছবির তালিকাতেও জায়গা করে নেয়। মারাঠি সংস্কৃতির সাথে রিতেশের গভীর সংযোগ থাকায় অনেকেই মনে করছেন তিনি এই চরিত্রে সুবিচার করবেন। বিশেষ করে অজয়-অতুল-এর সঙ্গীত এবং সন্তোষ শিবান-এর সিনেমাটোগ্রাফি উচ্চ প্রশংসিত হচ্ছে। ‘রাজা শিবাজি’ মূলত ছত্রপতি শিবাজি মহারাজের প্রাথমিক জীবনের সংগ্রামের গল্প। কীভাবে প্রতিকূলতার মাঝে দাঁড়িয়ে তিনি ‘স্বরাজ’-এর শপথ নিয়েছিলেন এবং একজন সাহসী নেতা ও আদর্শ পুত্র হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছিলেন, তাই ফুটে উঠবে এই ছবিতে।

