মাকে হারালেন সুদীপ্তা চক্রবর্তী, বিদিশা চক্রবর্তী এবং বিদীপ্তা চক্রবর্তী। প্রয়াত দীপালি চক্রবর্তী। সূত্রের খবর, বেশ কয়েকদিন ধরেই দক্ষিণ কলকাতার এক বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন অভিনেত্রীর মা। বৃহস্পতিবার সকালে সেখানেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তিনি। জানা গিয়েছে, মস্তিষ্কে রক্তক্ষরণের জেরেই অত্যন্ত আশঙ্কাজনক অবস্থায় তাঁকে তড়িঘড়ি হাসপাতালে ভর্তি করা হয়। কিন্তু শেষরক্ষা করা যায়নি। মূলত মস্তিষ্কে রক্তক্ষরণের কারণেই মৃত্যু হয়েছে তাঁর। মুকুন্দপুরের বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি। পারিবারিক সূত্রে খবর, গুরুতর ব্রেন হেমোরেজ নিয়ে ওই হাসপাতালে ভর্তি করা হয়েছিল দীপালি চক্রবর্তীকে। ভর্তির পর থেকেই তাঁর অবস্থা ছিল সঙ্কটজনক। চিকিৎসকরা জানিয়েছিলেন, শারীরিক অবস্থার অবনতি ঘটায় তিনি চিকিৎসার সাড়া দিচ্ছিলেন না। পাশাপাশি বয়সজনিত কারণে ঝুঁকি আরও বেড়ে গিয়েছিল তাঁর। শেষ পর্যন্ত চিকিৎসকদের সমস্ত প্রচেষ্টা ব্যর্থ হয়। না ফেরার দেশে পাড়ি দেন তিনি। সুদীপ্তা, বিদীপ্তা, বিদিশার বাবা বিপ্লকেতন চক্রবর্তী মারা যাওয়ার পর থেকে দীপালিদেবীই ছিলেন চক্রবর্তী পরিবারের মূল স্তম্ভ। আদ্যোপান্ত শিল্পমনস্ক এই পরিবার। গুণী নৃত্যশিল্পী ছিলেন দীপালি দেবী। তিন মেয়েকে বরাবরই সংস্কৃতিজগতে যুক্ত থাকার প্রেরণা জুগিয়েছেন তিনি। সুদীপ্তা, বিদীপ্তা এবং বিদিশা তিনজনেই বাংলা বিনোদন দুনিয়ার পরিচিত মুখ। মাকে হারিয়ে শোকে বিহ্বল তিন কন্যা ৷

