সোমবারেও কলকাতায় কনসার্ট ছিল কেকে-র। সেদিনও চুটিয়ে গান করেছেন তিনি। এরপরই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয় তাঁর কনসার্টের একাধিক ভিডিও। মঙ্গলবার সকালে ফেসবুক লাইভে এসে বাঙালি শ্রোতাদের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছিলেন রূপঙ্কর। সোশ্যাল মিডিয়ায় ফের বিস্ফোরক হন সঙ্গীতশিল্পী রূপঙ্কর বাগচী। তাঁর মূল ক্ষোভ, মুম্বইয়ের শিল্পীরা বাংলায় আসায় যতটা উত্তেজনা তাঁরা দেখান, ততটাই কেন বাংলার শিল্পীদের ক্ষেত্রে ঘটে না! এই প্রসঙ্গে ফেসবুক লাইভে এসে যাবতীয় ক্ষোভ উগরে দিলেন রূপঙ্কর। সম্প্রতি দক্ষিণ কলকাতায় নজরুল মঞ্চে কনসার্ট ছিল বলিউডের অত্যন্ত জনপ্রিয় সঙ্গীতশিল্পী কে কে ওরফে কৃষ্ণকুমার কুনাথের। সেই কনসার্ট ঘিরে শুরু থেকেই শ্রোতাদের উত্তেজনা ছিল তুঙ্গে। তাঁর কনসার্টের বহু ছবি, ভিডিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে
ভক্তরা নিজেদের প্রিয় শিল্পীর প্রতি ভাললাগা প্রকাশ করেন। এই ঘটনার পরেই ফেসবুক লাইভে উপস্থিত হন রূপঙ্কর। ওড়িশায় ওয়েব সিরিজের শুটিংয়ের ফাঁকেই বিস্ফোরক তিনি। রূপঙ্করের বক্তব্য, কে কে-র কয়েকটি গানের ভিডিও সোশ্যাল মিডিয়ায় তাঁর নজরে পড়েছে। নিঃসন্দেহে কে কে দারুণ গায়ক। নজরুল মঞ্চেও ভাল পারফর্ম করেছেন। কিন্তু তাঁকে নিয়ে এত উত্তেজনা কেন? রূপঙ্করের দাবি, কে কে-র থেকে অনুপম রায়, ইমন চক্রবর্তী, রাঘব, মনোময় এবং তিনি অনেক ভাল শিল্পী। এবং তাঁর তুলনায় অনেক ভাল গান করেন বাংলার শিল্পীরা। কিন্তু তাঁদেরকে নিয়ে সেভাবে মাতামাতি করা হয় না কেন? রূপঙ্কর বললেন, ‘আপনারা মুম্বইকে নিয়ে এত মাতামাতি করে যাচ্ছেন। দক্ষিণ ভারতকে দেখুন, পাঞ্জাবকে দেখে শিখুন, ওড়িশাকে দেখুন। বাঙালি হন। বাঙালি হন প্লিজ!’

