এবার মেসি-কাণ্ডে বিধাননগর দক্ষিণ থানায় প্রাক্তন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসের বিরুদ্ধে অভিযোগ দায়ের করলেন শতদ্রু দত্ত ৷ রাজ্য পুলিশের প্রাক্তন ডিজি রাজীব কুমার, তৃণমূল নেত্রী জুঁই বিশ্বাস, আইএএস শান্তনু বসুদের নামেও অভিযোগ দায়ের করেছেন গোট ট্যুরের আয়োজক ৷ প্রাক্তন ক্রীড়ামন্ত্রীর বিরুদ্ধে পূর্ব ঘোষণা মতো একশো কোটি টাকার মামলা দায়েরের পথে এবার যে তিনি হাঁটতে চলেছেন, তাও সাংবাদিকদের জানিয়েছেন শতদ্রু ৷ এদিন থানা থেকে বেরিয়ে শতদ্রু দত্ত নিজে অভিযোগ দায়েরের কথা স্বীকার করেছেন ৷ মঙ্গলবার এব্যাপারে সাংবাদিক সম্মেলন করার ইঙ্গিতও রয়েছে ৷ গত বছর ডিসেম্বরে ভারত সফরে এসেছিলেন গ্রহের অন্যতম সেরা ফুটবলার লিয়োনেল মেসি ৷ গোট ট্যুরের অংশ হিসেবে দেশের অন্য়ান্য কয়েকটি শহরের সঙ্গে কলকাতাতেও পা রেখেছিলেন তিনি ৷ ভারত সফরে জাতীয় দলের সতীর্থ রড্রিগো ডি পল ও ক্লাব সতীর্থ লুইজ সুয়ারেজের সঙ্গে প্রথম তিলোত্তমাতেই পা রেখেছিলেন ইন্টার মিয়ামি তারকা ৷ কিন্তু যুবভারতীতে প্রথম শো’টি বিশৃঙ্খলায় ভেস্তে যায় ৷ মেসি-সহ বাকি তারকারা মাঠে এলেও তৎকালীন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস, দমকল মন্ত্রী সুজিত বসুর আত্মীয়-পরিজনদের অবাঞ্ছিত ভীড়ে মেসি-শো সফলভাবে সম্পন্ন করা যায়নি ৷ বিশৃঙ্খলার জেরে সময়ের আগেই মাঠ ছেড়েছিলেন বিশ্বজয়ী আর্জেন্তাইন মহাতারকা ৷ নিরাপত্তার কারণ দেখিয়ে মেসিকে দ্রুত মাঠ থেকে বের করে নিয়ে যাওয়া হয়েছিল ৷ দর্শকরা বিরাট অঙ্কের টাকায় টিকিট কিনেও মেসিকে দেখতে না-পেয়ে বিক্ষোভে ফেটে পড়েন ৷ তাদের ক্ষোভের রোষে যুবভারতী তছনছ হয়ে যায় ৷ আয়োজক হিসেবে শতদ্রু দত্তকে বিমানবন্দর থেকে গ্রেফতার করে বিধাননগর থানার পুলিশ ৷ পরে অবশ্য় জামিনে মুক্ত হন তিনি ৷ তদানীন্তন তৃণমূল কংগ্রেস সরকার ফ্যাক্ট-ফাইন্ডিং কমিটি বসিয়ে দোষীদের বের করার চেষ্টা করে ৷ পুলিশের তরফে দর্শকদের টিকিটের টাকা ফেরতের আশ্বাস দেওয়া হয় ৷ এরপর পাঁচ মাস অতিবাহিত ৷ রাজ্যে সরকার পরিবর্তন হয়েছে ৷ ক্ষমতায় এসে মেসি-কাণ্ডের ফাইল খোলার আশ্বাস দিয়েছেন ক্রীড়ামন্ত্রী নিশীথ প্রামাণিক ৷ পরিবর্তিত পরিস্থিতিতে আয়োজক শতদ্রু দত্ত মুখ খুলতে শুরু করেছেন ৷ কীভাবে রাজ্যের তদানীন্তন ক্রীড়ামন্ত্রী বিভিন্নভাবে চাপ দিয়ে নানান বেআইনি কর্মকাণ্ড করিয়ে নিয়েছিলেন, তা বিভিন্ন সাক্ষাৎকারে বলেছেন শতদ্রু ৷ একইসঙ্গে দিয়েছিলেন মামলার হুমকি।
সোমবার সেইমতো অভিযোগ রুজুও করলেন তিনি ৷ রাজ্য সরকারও মেসি ট্যুরে বিশৃঙ্খলার নেপথ্যে কারণ উদঘাটনে শতদ্রু দত্তর সঙ্গে কথা বলার ইঙ্গিত দিয়েছে ৷ ফলে বিগত সরকারের দুর্নীতি নিয়ে যে জিরো টলারেন্স বর্তমান সরকার দেখাতে চলেছে, তা স্পষ্ট ৷ এমন সময় প্রাক্তন ক্রীড়ামন্ত্রীর নামে অভিযোগ দায়ের করে উল্লেখযোগ্য পদক্ষেপ করলেন গোট ট্যুরের আয়োজক ৷ রিষড়া নিবাসী ক্রীড়া সংগঠকের দাবি, গোট ট্যুরে যুবভারতীতে যে বিশৃঙ্খলার ঘটনায় তিনি দায়ী ছিলেন না ৷ তৃণমূল নেতা অরূপ বিশ্বাস তার প্রভাব খাটিয়ে মাঠে ঢুকে সমস্ত অনুষ্ঠান বানচাল করেছিলেন ৷ সেই ঘটনার ক্ষতিপূরণ আদায় করতে ও সম্মানহানির কারণেই এবার আদালতের দ্বারস্থ হবেন বাংলার জনপ্রিয় ক্রীড়া সংগঠক ৷ আগামিদিনে রাজ্যের নতুন সরকারকে মেসি-কাণ্ডে তদন্তের স্বার্থে সমস্ত রকম সহযোগিতার কথাও জানিয়েছেন শতদ্রু ৷

