ওবিসি শংসাপত্র বিজ্ঞপ্তি সংক্রান্ত মামলায় কলকাতা হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে দ্রুত শুনানির আবেদন জানিয়েছিল রাজ্য। কিন্তু মঙ্গলবার রাজ্যের আবেদন খারিজ করে দিয়েছে সুপ্রিম কোর্ট । প্রধান বিচারপতি বিআর গাভাই সাফ জানিয়ে দিয়েছেন, এক মাস পর নির্ধারিত দিনেই হবে শুনানি। সোমবারই শীর্ষ আদালতে ওবিসি মামলার শুনানি হওয়ার কথা ছিল। কিন্তু সময়ের অভাবে তা আর পরে সম্ভব হয়নি। জানিয়ে দেওয়া হয়, ফের এক মাস পর শুনানি হবে। এরপরই প্রধান বিচারপতির দৃষ্টি আকর্ষণ করে রাজ্য এই মামলার দ্রুত শুনানির আবেদন জানায়। রাজ্যের আইনজীবী জানিয়েছিলেন, ওবিসি শংসাপত্র বিজ্ঞপ্তি সংক্রান্ত মামলায় একের পর এক নির্দেশ দিচ্ছে কলকাতা হাইকোর্ট। এতে একাধিক জটিলতা তৈরি হয়েছে। তাই আগামী বৃহস্পতিবার বা সোমবার এই মামলার দ্রুত শুনানির আবেদন জানানো হয়েছিল রাজ্যের তরফে। কিন্তু এদিন প্রধান বিচারপতি জানিয়ে দেন, দ্রুত শুনানি সম্ভব নয়। সূত্রের খবর, আগামী ৯ সেপ্টেম্বর ওবিসি মামলার শুনানি হওয়ার সম্ভাবনা রয়েছে।

