প্রিয়াংকা সেনগুপ্তঃ দীর্ঘ প্রায় ৯ বছর পর পশ্চিম মেদিনীপুর প্রাথমিক সংসদ সভাপতি কৃষ্ণেন্দু বিষুই এর হাত ধরে আবার নতুন করে খুলতে চলেছে উত্তর ইন্দা প্রাথমিক বিদ্যালয়। পশ্চিম মেদিনীপুর জেলার খড়্গপুর চক্রে অবস্থিত এই প্রাথমিক বিদ্যালয়টি ছাত্রশূণ্য হওয়ার জন্য প্রায় নয় বছর ধরে বন্ধ হয়ে গিয়েছিল বলে জানিয়েছেন জেলার শিক্ষক নেতা তমাল গাঙ্গুলি। তমালবাবু জানান,দীর্ঘদিন ধরে বন্ধ বিদ্যালয়টির ছাত্রশূন্যতার কারণে দুজন শিক্ষক ও একজন পার্শ্ব শিক্ষককে অন্য বিদ্যালয়ে স্থানান্তরিত করা হয়। কৃষ্ণেন্দুবাবু নতুন সংসদ সভাপতি হবার পর বিষয়টি তাঁর নজরে আনেন তমালবাবু। সভাপতি সবরকম ভাবে সহযোগীতার আশ্বাস দেন এবং বাড়ী বাড়ী গিয়ে ছাত্র সংগ্রহ করার কথা বলেন। শনিবার প্রাথমিক শিক্ষক সংগঠনের খড়্গপুর চক্রের আয়োজিত বিজয়া সম্মিলনে এসে এই বিদ্যালয়টির আবার নতুন করে উদ্বোধন করেন সংসদ সভাপতি। কৃষ্ণেন্দুবাবু জানিয়েছেন,দীর্ঘদিন বিদ্যালয়টি ছাত্রশূন্য অবস্থায় ছিল। এখন আবার বিদ্যালয়টি নতুন করে শুরু হল।