দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে শুরু হচ্ছে বীরভূমের সিউড়ি থেকে শিয়ালদহ পর্যন্ত রেল পরিষেবা। এবার বাসিন্দাদের জন্য সুখবর দিল ভারতীয় রেল। নতুন ট্রেনের খবর পেয়ে কিছুটা হলেও যাতায়াতের সমস্যা মিটল নিত্য যাত্রীদের। এতদিন ধরে সিউড়ি থেকে শিয়ালদহ পর্যন্ত কোনও ট্রেন ছিল না। লালগোলা, গেদে, রামপুরহাট থেকে শিয়ালদহ পর্যন্ত ট্রেন ছিল। এবার বীরভূমের সিউড়ি থেকে সরাসরি শিয়ালদহ পর্যন্ত মেমু একপ্রেস চালু হতে চলেছে। এবার প্রতিদিন এই ট্রেন পরিষেবা শুরু হলে স্বভাবতই খুশি হবেন সিউড়ির বাসিন্দারা। কারণ সিউড়ির বাসিন্দারা দীর্ঘদিন ধরেই অভিযোগ করে আসছেন। বারংবার নানান আবেদন অনুরোধ জানিয়েও সেই অভিযোগ মেটানো যায় নি। তাই রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব কলকাতা এলে তাঁর সামনে তুলে ধরা হয় বীরভূমের

সমস্যাগুলি। এরপরই রেলমন্ত্রী এই বিষয়ে উদ্যোগী হন। ১৫ দিনের মধ্যে সমীক্ষার কাজ শেষ করে রিপোর্ট পাঠাতে বলেন রেলমন্ত্রী। আর ঠিক তারপরই জানা যায়, সিউড়ি থেকে শিয়ালদহ পর্যন্ত সিউড়িবাসীরা পেয়ে যাচ্ছেন একটি নতুন ট্রেন শিয়ালদহ – সিউড়ি মেমু এক্সপ্রেস । রেল সূত্রে খবর, এই ট্রেনটি অন্ডাল থেকে দুর্গাপুর, বর্ধমান, ব্যান্ডেল, নৈহাটি হয়ে পৌঁছবে শিয়ালদহ । আবার শিয়ালদহ থেকে ওই একই পথে সিউড়িতে যাবে। ভোর ৫টা ২০মিনিটে সিউড়ি স্টেশন থেকে ছেড়ে সকাল ৯টা ৫৭মিনিটে শিয়ালদহ পৌঁছবে এবং বিকেল ৫টা ২৫মিনিটে শিয়ালদহ থেকে ছেড়ে রাত ১০টা ১৫মিনিটে সিউড়ি স্টেশন পৌঁছবে । সকালে ও রাতে এই এক জোড়া ট্রেন এই দুই জায়গার মধ্যে যাতায়াত করবে। এর ফলে সিউড়ির বাসিন্দাদের আর ঘুরপথে শিয়ালদহে যাতায়াত করতে হবে না। ট্রেনটি এমন সময় দেওয়া হয়েছে যা বাসিন্দাদের চাহিদা পূরণ করবে বলে আশা করা হচ্ছে। যদিও এই ট্রেনটি কবে থেকে চালু হবে তার সম্পর্কে এখনও পর্যন্ত রেলের তরফ থেকে কিছু জানানো হয়নি। পাশাপাশি ভাড়া কত হতে পারে তাও এখনো জানানো হয়নি।


