লালকেল্লার সামনে বিস্ফোরণে ১২ জনের মৃত্যুর আতঙ্ক তাড়া করছে এখনও ৷ এরইমধ্যে জম্মু ও কাশ্মীরে নওগাম থানায় আবারও বিস্ফোরণের ঘটনা ঘটল ৷ রাত প্রায় সাড়ে এগারটা নাগাদ হঠাৎ বিস্ফোরণে উড়ে গেল শ্রীনগরের নওগাঁও থানা। তাতে প্রাণ হারালেন ৯ জন ৷ আহত ২৭ ৷ জখম হয়েছেন অন্তত ২৫ জন। বিস্ফোরণের তীব্রতা এতটাই ছিল যে, প্রায় ৩০০ মিটার দূরে ছিটকে গিয়ে পড়ে দেহাংশ। বিস্ফোরণের কম্পন প্রায় ১৫ কিমি দূর থেকে বোঝা গিয়েছে।সম্প্রতি ফরিদাবাদ থেকে বাজেয়াপ্ত হওয়া বিস্ফোরক রাখা ছিল অনন্তনাগ জেলার এই নওগাম থানায় ৷ এদিন রাতে সেই বিস্ফোরক নিয়ে পরীক্ষা চলছিল ৷ সে সময় কোনও কারণে বিস্ফোরণের এই ঘটনাটি ঘটেছে বলে মনে করা হচ্ছে ৷ আহত ও নিহতদের অধিকাংশই পুলিশ কর্মী ৷ আহতদের চিকিৎসা ব্যবস্থা করেছে প্রশাসন ৷ গত সোমবার দুপুরে ফরিদাবাদের একটি বাড়ি থেকে ৩৬০ কেজি অ্যামোনিয়াম নাইট্রেট-সহ ২ হাজার ৯০০ কিলো বিস্ফোরক উদ্ধার হয় ৷ ঘটনায় মুজাম্মিল গানাই নামে এক চিকিৎসক-সহ আরও কয়েকজনকে গ্রেফতার করা হয় ৷ মুজাম্মিলের বাড়ি পুলওয়ামায় ৷ দীর্ঘদিন ধরেই তার গতিবিধি নিয়ে সন্দেহ ছিল উপত্যকার পুলিশের ৷ সেই সূত্র ধরে ফরিদাবাদের জঙ্গি মডিউলের বিষয়টি জানতে পারেন তদন্তকারীরা ৷ সেই বাড়িতে তল্লাশি চালিয়ে উদ্ধার হয় এই বিপুল পরিমাণ বিস্ফোরক ৷ পরে সেটিকে এই নওগাম থানায় এনে রাখা হয় ৷ এদিন সেই সমস্ত বিস্ফোরকে গতি-প্রকৃতি জানার কাজ চলছিল ৷


