ধানবোঝাই ট্রাক উল্টে মৃত্যু হল দুই শ্রমিকের । বুধবার সন্ধে নাগাদ পথ দুর্ঘটনাটি ঘটে বাঁকুড়ার হাতিরামপুর-মানবাজার রাজ্য সড়কের হিড়বাঁধের মলিয়ান পঞ্চায়েতের চাঁপাশোল গ্রামের কাছে । গাদাপাথর দিক থেকে হাতিরামপুরের দিকে আসছিল ধানের বস্তাবোঝাই ট্রাকটি । হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে সেটি রাস্তার উপর উল্টে যায় ।‌ দুর্ঘটনার সময় ট্রাকের উপরে থাকা পাঁচজন শ্রমিক ছিটকে পড়েন রাস্তায় । দুর্ঘটনা জেরে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। ট্রাকে থাকা শ্রমিকরা রাস্তায় ও পাশে থাকা কালভার্টে পড়ে গুরুতর জখম হন ৷ পাশাপাশি, ধানের বস্তার নীচে চাপা পড়েও আহত হন কয়েকজন । শ্রমিকদের চিৎকারে স্থানীয় বাসিন্দারা দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন। এরপর তাঁরা থানায় খবর দেন ৷ পুলিশ আসতে বেশ কিছুক্ষণ দেরি করে বলে অভিযোগ ৷ পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আহতদের উদ্ধার করে প্রথমে হিড়বাঁধের আমঝুরি ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। পরে অবস্থার অবনতি হওয়ায় পাঁচজনকেই বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়।