banganews.net

অবশেষে গ্রেফতার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্তসহায়ক সুমিত রায়। শালবনি জমি দুর্নীতি মামলায় অভিষেক বন্দ‍্যোপাধ‍্যায়ের বাড়ি থেকেই গ্রেফতার করা হয় তাঁকে। সর্বোচ্চ আদালতে বড় ধাক্কা সুমিত রায়ের। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পিএ সুমিত রায়ের অন্তর্বর্তীকালীন জামিনের আবেদন খারিজ করে দেন প্রধান বিচারপতি সূর্যকান্তর বেঞ্চ। আগাম জামিনের আবেদন খারিজের পরই তাঁর খোঁজে তল্লাশি অভিযানে নামে CID। কালীঘাটে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ি এবং পাশের একটি বাড়িতে হানা দেয় CID। CID সূত্রে খবর, পাশের বাড়িটিতেই থাকেন সুমিত রায়। এদিন আদালতে সুমিত রায়ের আইনজীবী জানান, সুমিত রায়কে ৮৮ ঘণ্টা জিজ্ঞাসাবাদ করা হয়েছে। কিন্তু একবারের জন্যও টাকার লেনদেন নিয়ে তাঁকে জিজ্ঞাসা করা হয়নি বলে দাবি করেন আইনজীবী। তাঁর বক্তব্য, চাপ দিয়ে কারও নাম বলিয়ে নেওয়ার উদ্দেশ্যেই এই জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। আইনজীবী আরও জানান, যে টাকা জমা হয়েছে তা AITC অ্যাকাউন্টে জমা হয়েছে। সুমিত রায়ের ব্যক্তিগত অ্যাকাউন্টে ২০১৯ সাল থেকে সর্বোচ্চ ৬০ হাজার টাকা একদিনে জমা হয়েছে বলে আদালতে উল্লেখ করেন তিনি। AITC-র অ্যাকাউন্ট অডিটেড অ্যাকাউন্ট এবং জাতীয় নির্বাচন কমিশনের কাছে কারা পার্টি ফান্ডে টাকা দিয়েছেন তার বিস্তারিত হিসাব রয়েছে বলেও জানান আইনজীবী। সুমিত রায়ের নাম মূল FIR-এও নেই বলে দাবি করেন তাঁর আইনজীবী। অন্য অভিযুক্তদের কেউ তাঁর নাম করেননি বলেও আদালতে উল্লেখ করা হয়। এরপর সুমিত রায়ের অন্তর্বর্তীকালীন জামিনের আবেদন জানানো হয়। জবাবে প্রধান বিচারপতি সূর্যকান্ত বলেন, ‘‘জিজ্ঞাসাবাদে আপনি যা রেসপন্স করছেন সেটাই এমন পরিস্থিতি তৈরি করছে যে আমরা হস্তক্ষেপ করতে চাইছি না।’’ নিজেকে সিস্টেমের একজন সামান্য ‘মিনিয়ন’ বলে উল্লেখ করেও শেষরক্ষা হল না সুমিত রায়ের। সর্বোচ্চ আদালত স্পষ্ট জানিয়ে দিল, সুমিত রায়কে স্বস্তি দেওয়া হচ্ছে না।