রবিবার ভোরে দিল্লি বিমানবন্দরে শুভাংশু শুক্লাকে স্বাগত জানাতে হাজির ছিলেন ইসরোর চেয়ারম্যান ভি নারায়ণ থেকে শুরু করে কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং এবং দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা- সহ অনেকে ৷ দেশের মাটিতে পা দিতেই তাঁকে উৎসাহে এবং উন্মাদনায় তাঁকে বরণ করে নিল ভিড় ৷ আজই তাঁর সঙ্গে দেখা হচ্ছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ৷ জানা গিয়েছে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা হওয়ার নিজের শহর লখনউ ফিরবেন শুভাংশু ৷ ফ্লোরিডা থেকে 25 জুন রওনা দিয়ে 26 তারিখ আন্তর্জাতিক স্পেশ স্টেশনে পৌঁছন শুভাংশু-সহ আরও চারজন ৷ ফেরেন 15 জুলাই ৷ তারও প্রায় একমাস পর দেশে ফিরলেন শুভাংশু ৷ আমেরিকা থেকে দেশে ফেরার ঠিক আগে ইনস্টাগ্রামে একটি পোস্ট করেন শুভাংশু ৷ সেখানে বিমানে তোলার একটি ছবি দিয়ে তিনি লেখেন, “এক মিশ্র প্রতিক্রিয়া নিয়ে দেশে ফিরছি ৷ গত একটা বছর অসম্ভব ভালো কিছু মানুষের সঙ্গে সময় কাটিয়েছি ৷ তাঁরা আমরা বন্ধু আর পরিবার হয়ে উঠেছিলেন ৷ তাঁদের ছেড়ে যেতে হচ্ছে ৷ আবার নিজের পরিবার এবং পুরনো বন্ধুদের সঙ্গে দেখা হবে ভেবে ভালো লাগছে ৷ মিশন শেষে প্রথমবার তাঁদের মুখোমুখি হব বলে মনে মনে উত্তেজনাও অনুভব করছি ৷ আমার মনে হয়, এটাকেই বোধহয় জীবন বলে ৷ মিশনের সময় সবার থেকে যে সমর্থন ও ভালোবাসা পেয়েছি তা ভাষায় ব্যাখ্যা করা কঠিন ৷ কতক্ষণে দেশে ফিরতে পারব সেটা ভেবে অস্থির হয়ে উঠেছি ৷ বিদায় নেওয়া মোটেই সহজ কথা নয় ৷ কিন্তু জীবন আমাদের সবসময় এগিয়ে যেতে শেখায় ৷ আমার কমান্ডার পেগি হুইসটনও সর্বদা বলেন, পরিবর্তনই জীবনের একমাত্র স্থায়ী অনুভূতি ৷ আমার মনে হয় এ কথা সবার জন্য সত্যি ৷” শুভাংশুর দেশে ফেরা নিয়ে গত কয়েকদিন ধরেই উত্তেজনার পারদ চড়তে শুরু করেছিল ৷ শনিবার গভীর রাত থেকেই ইন্দিরা গান্ধি আন্তর্জাতিক বিমানবন্দরে চারপাশে ভিড় বড়তে শুরু করে ৷ চোখে পড়ে পুলিশি তৎপরতাও ৷ কেন্দ্রীয় মন্ত্রী থেকে শুরু করে দিল্লির মুখ্যমন্ত্রীরা একে একে আসতে শুরু করেন ৷ অবশেষে আমেরিকা থেকে আসা বিমান দেশের মাটি স্পর্শ করল ৷ বেরিয়ে এলেন শুভাংশু ৷ প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে বাড়ি ফিরে যাবেন শুভাশু ৷ ২২ ও ২৩ অগস্ট আয়োজিত হতে চলা জাতীয় মহাকাশ দিবসের অনুষ্ঠানেও তিনি হাজির থাকবেন ৷