ওডিশায় মহিলাকে ধর্ষণের অভিযোগে আশ্রমের প্রধান পুরোহিতকে গ্রেপ্তার করল পুলিশ। তাঁকে জেল হেপাজতে পাঠানো হয়েছে। যদিও অভিযুক্ত নিজেকে নির্দোষ বলে দাবি করেছেন। তাঁকে ফাঁসানো হয়েছে বলে পালটা অভিযোগ ধৃতের। ঘটনাকে ঘিরে শোরগোল পড়েছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। সর্বভারতীয় সংবাদ মাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, ঢেঙ্কানাল জেলার কামাখ্যানগর থানা এলাকার ওই আশ্রমে থাকতেন ৩৫ বছরের এক মহিলা। অভিযোগ, ৪ অগাস্ট তিনি যখন আশ্রম চত্বরের একটি ঘরে ঘুমিয়ে ছিলেন, সেই সময় তাঁকে ধর্ষণ করেন ৪৭ বছরের প্রধান পুরোহিত। তদন্তে নেমে অভিযুক্তকে গ্রেপ্তার করে ওডিশা পুলিশ। এক পুলিশকর্তা জানিয়েছেন, ধর্ষণের অভিযোগে প্রধান পুরোহিতকে গ্রেপ্তার করা হয়েছে। ঢেঙ্কানল জেলার অতিরিক্ত পুলিশ সুপার সূর্যমণি প্রধান বলেছেন, ‘অভিযুক্তকে শনিবার আদালতে হাজির করা হয়। আদালত তাঁকে ১৪ দিনের জেল হেপাজতের নির্দেশ দিয়েছে।’ যদিও অভিযুক্ত প্রধান পুরোহিত নিজেকে নির্দোষ বলে দাবি করেছেন। ঘটনার তদন্ত চলছে।