banganews.net

ভারত-চিন সম্পর্ক স্বাভাবিক করার কূটনৈতিক প্রচেষ্টা যখন নতুন করে গতি পাচ্ছে, ঠিক সেই সময়ই অরুণাচল প্রদেশের ভারত-চিন সীমান্ত ঘিরে ছড়িয়ে পড়া একাধিক ভিডিও ও ছবি নতুন করে উদ্বেগ তৈরি করেছে । সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া সেই ভিডিয়োতে আপার সুবনসিরি জেলার তাকসিং (Taksing) সেক্টরে ভারতীয় সেনা এবং চিনের পিপলস লিবারেশন আর্মি (PLA)-র জওয়ানদের মুখোমুখি অবস্থানে দেখা যাচ্ছে বলে দাবি করা হচ্ছে । তবে এ ব্যাপারে কোনও সরকারি বা সেনাবাহিনীর আনুষ্ঠানিক প্রতিক্রিয়া এখনও জানা যায়নি । সমাজমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিয়োটি 2026 সালের 26 জুলাইয়ের বলে দাবি করা হচ্ছে । ভিডিয়োতে সীমান্ত এলাকায় দুই দেশের সেনাদের মুখোমুখি অবস্থান এবং উত্তেজনাপূর্ণ পরিস্থিতির ইঙ্গিত মিলছে বলেও দাবি সোশ্যাল মিডিয়ার বিভিন্ন পোস্টে করা হয়েছে । তবে ভিডিয়োগুলির সত্যতা, স্থান এবং সময় বঙ্গনিউজ স্বাধীনভাবে যাচাই করেনি ।

সরকারি বক্তব্যের অপেক্ষা

বর্তমানে সমাজমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিয়োগুলির সত্যতা নিয়ে জল্পনা তুঙ্গে থাকলেও প্রতিরক্ষা মন্ত্রক বা ভারতীয় সেনাবাহিনীর তরফে কোনও আনুষ্ঠানিক বিবৃতি প্রকাশ করা হয়নি । তবে এই ঘটনা আরও একবার মনে করিয়ে দিল, ভারত-চিন সীমান্তে পরিস্থিতি যতই শান্ত থাকার দাবি করা হোক না কেন, সীমান্ত সংক্রান্ত একটি অভিযোগই মুহূর্তের মধ্যে নতুন করে উদ্বেগ এবং কূটনৈতিক আলোচনার জন্ম দিতে পারে । এখন নজর, ভারতীয় সেনাবাহিনী বা কেন্দ্রীয় সরকারের তরফে এই বিষয়ে কোনও আনুষ্ঠানিক ব্যাখ্যা সামনে আসে কি না ।