কৃষ্ণসাগরে বাণিজ্যিক জাহাজে হামলায় নিহত হয়েছেন এক ভারতীয় নাবিক ৷ ঘটনার নিন্দা করে সরব হয়েছে ভারতীয় বিদেশ মন্ত্রক ৷ নিরাপদ নৌ-চলাচল নিশ্চিত করার আহ্বান জানিয়েছে নয়াদিল্লি ৷ গত ১৯ জুলাই ইউক্রেনের উপকূলে একটি বাণিজ্যিক জাহাজে হামলায় নিহত ১০ জনের মধ্যে ৪ ভারতীয় ছিলেন ৷ তার কয়েক দিনের মধ্যেই নতুন ঘটনা সামনে এসেছে । বিদেশ মন্ত্রক জানিয়েছে, “আমাদের নজরে এসেছে, গত ১৮ জুলাই কৃষ্ণসাগর দিয়ে যাওয়ার সময় সম্ভবত রাশিয়ার জলসীমায় ‘এমভি ওমোরফি’ (MV OMORFI) নামে বাণিজ্যিক জাহাজটিতে হামলা চালানো হয় । ঘটনার সময় জাহাজটিতে তিনজন ভারতীয় নাগরিক-সহ মোট 10 জন ক্রু সদস্য ছিলেন ।” বিদেশ মন্ত্রকের বিবৃতিতে বলা হয়েছে, “এই হামলায় একজন ভারতীয় নাগরিক মর্মান্তিকভাবে প্রাণ হারিয়েছেন । আমরা মৃত ব্যক্তির শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি । জাহাজে থাকা অন্য দুই ভারতীয় নাগরিক নিরাপদে রয়েছেন বলে জানা গিয়েছে ।” বিদেশ মন্ত্রক আরও জানিয়েছে, রাশিয়ায় অবস্থিত ভারতীয় হাইকমিশন সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেছে এবং ক্ষতিগ্রস্ত পরিবারটিকে সম্ভাব্য সব ধরনের সাহায্য করার চেষ্টা চালাচ্ছে । নয়াদিল্লি বলেছে, “বাণিজ্যিক জাহাজ লক্ষ্য করে হামলা এবং নিরীহ নাবিকদের জীবন ঝুঁকির মুখে ফেলে এমন হামলার ভারত দ্ব্যর্থহীন ভাষায় নিন্দা করছে ৷ নৌ-চলাচলের স্বাধীনতা ও আন্তর্জাতিক বাণিজ্য যে ক্রমবর্ধমান হুমকির মুখে পড়েছে, তা অত্যন্ত উদ্বেগের বিষয় ।” বিদেশ মন্ত্রক আরও জানিয়েছে, “সামুদ্রিক নৌ-চলাচলের নিরাপত্তা ও সুরক্ষা এবং বিশ্ববাণিজ্য নিরবচ্ছিন্ন নিশ্চিত করার লক্ষ্যে আন্তর্জাতিক বাধ্যবাধকতা মেনে চলার জন্য ভারত সংশ্লিষ্ট সকল পক্ষের প্রতি আহ্বান জানাচ্ছে ।” গত 19 জুলাই ‘এমভি গোল্ডেন লিও’ (MV Golden Leo) জাহাজে হামলার ঘটনা ঘটে ৷ তাতে থাকা চারজন ভারতীয় নাগরিকের মৃত্যুর প্রেক্ষিতে মঙ্গলবার রাশিয়ার চার্জ ডি’অ্যাফেয়ার্স ভ্লাদিমির লাদানভকে তলব করা হয়েছিল । বিবৃতিতে বিদেশ মন্ত্রক বলেছিল, “রুশ চার্জ ডি’অ্যাফেয়ার্সকে অনুরোধ করা হয়েছে, যেন তিনি তাঁর কর্তৃপক্ষের কাছে ভারতের গভীর উদ্বেগের বিষয়টি পৌঁছে দেন ৷ বাণিজ্যিক জাহাজকে লক্ষ্যবস্তু করা এবং নিরীহ সাধারণ মানুষের প্রাণহানি একেবারেই মেনে নেওয়া যায় না ৷ এ ধরনের ঘটনা অবশ্যই এড়িয়ে চলা উচিত ।”

