ভোটগণনার ক্ষেত্রে কেন্দ্রীয় সরকারি কর্মীদের নিয়োগের বিরোধিতা করে হাইকোর্টে মামলা করেছিল তৃণমূল কংগ্রেস৷ হাইকোর্টে সেই মামলা খারিজ হওয়ার পরে সেই রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে আবেদন জানায় তৃণমূল৷ শনিবার ছিল সেই মামলার শুনানি৷ শুনানি শেষে সুপ্রিম কোর্ট জানাল, ‘রাজ‍্য সরকারি কর্মী এবং কেন্দ্রীয় সরকারি কর্মীদের র‍্যান্ডমাইজেশনের মাধ‍্যমে গণনার ডিউটিতে কাজে লাগাতে হবে (কমিশনকে)। শুধু কেন্দ্রীয় সরকারি কর্মীদের নিয়োগ করলে হবে না৷’ পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে শুধুমাত্র কেন্দ্রীয় সরকারি কর্মীদের গণনা সুপারভাইজার হিসেবে নিয়োগের কমিশনের সিদ্ধান্তকে তৃণমূল চ্যালেঞ্জ জানালে, সুপ্রিম কোর্ট ইসিআই-কে তার গত ১৩ এপ্রিলের নিজস্ব সার্কুলার “অক্ষরে অক্ষরে” অনুসরণ করার নির্দেশ দেয় এদিন। সেই সার্কুলারে রাজ্য ও কেন্দ্রীয় উভয় কর্মীর মিশ্র নিয়োগের অনুমতি ছিল।সুপ্রিম কোর্ট ইসিআই-এর বক্তব্য নথিভুক্ত করে যে, ঘোষিত কাঠামো অনুযায়ীই গণনা প্রক্রিয়া পরিচালিত হবে, যার মধ্যে গণনা কক্ষে রাজ্য সরকারি আধিকারিকদের উপস্থিতিও থাকবে৷ আদালতের বেঞ্চ যদিও এই মামলায় কোনও নির্দেশ দিতে অস্বীকার করে এদিন৷

তৃণমূলের তরফে এ দিন আদালতে জানানো হয়, শুধুমাত্র একটি পুল থেকে (কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের মধ্যে থেকে) অফিসার নিয়োগ করা যায় না। গণনায় রাজ্য ও কেন্দ্রীয় সরকারের ক্যাডার থেকে সমসংখ্যক অফিসার রাখা হোক। এই আবেদনের প্রেক্ষিতে বিচারপতিদের বেঞ্চ নির্দেশ দেয়, নির্বাচন কমিশনের ১৩ এপ্রিলের সার্কুলার অনুযায়ী পুল তৈরি করতে হবে। অর্থাৎ, কেন্দ্র ও রাজ্যের অফিসারদের মিলিয়েই পুল তৈরি করতে হবে। এই নিয়ম মেনে চলতে হবে কমিশনকে। এই নির্দেশে তৃণমূলের আবেদনকেই স্বীকৃতি দেওয়া হলো বলে মত আইনজীবীদের একাংশের।