ভোটগণনার ঠিক আগে স্ট্রংরুমের নিরাপত্তা ও পোস্টাল ব্যালট নাড়াচাড়া করা নিয়ে রাজনৈতিক তরজা তুঙ্গে উঠল । এবার ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে শনিবার ৪টে নাগাদ সিসিটিভি নজরদারি নেই এমন ঘরে ৮টি ব্যালট বক্স ঢোকানোর অভিযোগ! ভিডিও পোস্ট করে সরব তৃণমূল কংগ্রেস (TMC)। গত বৃহস্পতিবার এই স্ট্রংরুমে মুভমেন্ট দেখামাত্রই সেখানে পৌঁছে গিয়েছিলেন বেলেঘাটা ও শ্যামপুকুর বিধানসভা কেন্দ্রের দুই তৃণমূল প্রার্থী কুণাল ঘোষ ও ডঃ শশী পাঁজা । নির্বাচন কমিশনের বিরুদ্ধে সরব হয়েছিলেন দুজনেই। বেশ কিছুক্ষণ ধর্না দিতেও দেখা যায় তাঁদের। এরপর জানানো হয় যে পোস্টাল ব্যালট আলাদা করার কাজ চলছিল। এই ঘটনার পর শুক্রবার সকালে বাড়ানো হয় স্ট্রংরুমের নিরাপত্তা। তার চব্বিশ ঘণ্টা যেতে না যেতেই ফের খবরের শিরোনামে ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্র। এবার ভোরবেলা সিসিটিভিহীন ঘরে আটটি ব্যালট ঢোকানোর অভিযোগ উঠেছে। এখনও পর্যন্ত কমিশনের তরফে কোনও প্রতিক্রিয়া মেলেনি।

