বঙ্গ বিজেপিতে সুকান্ত-পর্বের ইতি একেবারে নিশ্চিত ৷ এই রাজ্যে গেরুয়া শিবিরের পরবর্তী ক্যাপ্টেন হতে চলেছেন রাজ্যসভার সাংসদ শমীক ভট্টাচার্য ৷ ঠিক এই পরিস্থিতিতে চলতি মাসে বিজেপির নয়া কর্মসূচির ঘোষণা করলেন পশ্চিমবঙ্গ বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ৷বুধবার বিজেপির যুবমোর্চার কসবা গণধর্ষণ-কাণ্ডের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করে ৷ সেই মিছিলে অংশ নেন শুভেন্দু অধিকারী ৷ মিছিলের শেষে মঞ্চ থেকে দলের নয়া কর্মসূচির কথা ঘোষণা করেন বিরোধী দলনেতা ৷ তিনি জানান, আগামী 21 জুলাই উত্তরকন্যা অভিযান করবে বিজেপি ৷ 21 জুলাই প্রতিবছর শহিদ দিবস পালন করে তৃণমূল কংগ্রেস ৷ সারা রাজ্যের তৃণমূল কর্মী-সমর্থকরা এই নিয়ে জমায়েত করেন কলকাতার ধর্মতলায় ৷ ঠিক সেইদিন উত্তরবঙ্গে গিয়ে নিজেদের কর্মসূচি পালন করতে চায় বিজেপি ৷ এদিন শুভেন্দু অধিকারী বলেন, ‘‘আজকে আমাদের ইনচার্জ সুনীল বনসল, রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, সাধারণ সম্পাদক (সংগঠন) অমিতাভ চক্রবর্তীকে রেখে ফাইনাল করে এসেছি, যেদিন মমতার ডিমভাতের অনুষ্ঠান কলকাতায় হবে ৷ সেদিন যুবমোর্চা শিলিগুড়িতে উত্তরকন্যা অভিযান করবে ৷’’ তৃণমূলের উদ্দেশ্যে কটাক্ষ ছুঁড়ে দিয়ে বিরোধী দলনেতা আরও বলেন, ‘‘21 জুলাই মমতার চোরেরা ডিমভাত খাওয়ার জন্য কলকাতায় আসবে ৷ আর আমরা শিলিগুড়িতে গিয়ে উত্তরকন্যা নড়াবো ৷’’ এছাড়া তিনি বলেন, ‘‘আগামিকাল বিজেপির নতুন সভাপতিকে আমরা বরণ করব ৷ আর আমরা ঘোষণা করে দেব পরবর্তী কর্মসূচি ৷’’ গত বছর 9 অগস্ট আর জি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের চিকিৎসক পড়ুয়ার দেহ উদ্ধার হয়েছিল ৷ ধর্ষণ ও খুনের দায়ে ইতিমধ্যে মূল অভিযুক্ত সঞ্জয় রায়কে আজীবন কারাবাসের সাজা দিয়েছে আদালত ৷ কিন্তু এখনও এই মামলায় যুক্ত অনেকে সাজা পায়নি বলে অভিযোগ ৷