আজ, শুক্রবার, মুর্শিদাবাদে আসছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। কলকাতা থেকে হেলিকপ্টারে তিনি সরাসরি এসে নামবেন বহরমপুর স্টেডিয়াম ময়দানে। সেখান থেকে গাড়িতে পৌঁছবেন শিল্পতালুকের ভিতরে বেসরকারি এক হোটেলে। ওই হোটেলের কনফারেন্স হলে বিজেপির মুর্শিদাবাদ জেলার কোর কমিটির নেতাদের নিয়ে দুপুর দুটো থেকে সাড়ে তিনটে পর্যন্ত চলবে বৈঠক। এর পরে মুখ্যমন্ত্রী বহরমপুর রবীন্দ্র সদন মঞ্চে পৌঁছবেন। সেখানে বিকেল সাড়ে চারটে পর্যন্ত প্রশাসনিক বৈঠক সেরে হেলিকপ্টারে পৌঁছবেন রেজিনগরের তকিপুর হাইমাদ্রাসা মাঠে সভাস্থলে। মুখ্যমন্ত্রী হওয়ার পরে এই প্রথম মুর্শিদাবাদ সফরে আসছেন শুভেন্দু অধিকারী। ফলে মুখ্যমন্ত্রীর সফর ঘিরে মুর্শিদাবাদ জেলা প্রশাসনিক মহলে শোরগোল পড়ে গিয়েছে। চলছে প্রশাসনিক সভার যাবতীয় প্রস্তুতি। এর পাশাপাশি রেজিনগরের সভাকে ঘিরে চলছে দলের রাজনৈতিক প্রস্তুতি। বহরমপুরের রবীন্দ্রসদনের নীল-সাদা রঙ মুছে গেরুয়া রঙ করা হয়েছে। বিজেপির বহরমপুর সাংগঠনিক জেলার সভাপতি মলয় মহাজন বলেন, ‘মুখ্যমন্ত্রী হেলিকপ্টারে করে এসে রেজিনগরের দাদপুর হাইস্কুল মাঠে অবতরণ করবেন। সেই কারণে নিরাপত্তা ব্যবস্থা, যানবাহন নিয়ন্ত্রণ, জনসভার পরিকাঠামো এবং অন্যান্য প্রশাসনিক বিষয় খতিয়ে দেখা হয়েছে। আর তকিপুর হাইমাদ্রাসা মাঠে সভার জন্য ঠিক করা হয়েছে।’ নওদার বিধায়ক আম জনতা উন্নয়ন পার্টির চেয়ারম্যান হুমায়ুন কবিরের গড় রেজিনগরে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সভা করা নিয়ে রাজনৈতিক পারদ চড়ছে।