আগামী বছরের গঙ্গাসাগর মেলা অনলাইনে দেখতে পারবে দেশ-বিদেশের মানুষ। করোনা আবহে এমন পরিকল্পনা নিয়েছে দক্ষিণ ২৪ পরগনা জেলা প্রশাসন। শুক্রবার সাংবাদিক বৈঠক করে অনলাইনে মেলা, স্নান এবং মন্দিরের পুজো দেখার কথা জানালেন জেলাশাসক পি উলগানাথান। এছাড়াও করোনা সংক্রমণ ঠেকাতে একাধিক পদক্ষেপ করা হবে বলেও তিনি জানিয়েছেন। চলতি বছরের মেলায় ৫০ লক্ষ পুণ্যার্থী পা রেখেছিলেন এই গঙ্গাসাগরে। কিন্তু করোনার জন্য আগামী বছর কী পরিস্থিতি হবে, তা নিয়ে সংশয় থেকেই যাচ্ছে। প্রশাসনিক কর্তাদের অনুমান, অনেকেই হয়তো আসতে পারবেন না। তাই ডিজিটাল পদ্ধতি অবলম্বন করে মেলাকে সর্বস্তরে পৌঁছে দিতে উদ্যোগ নিচ্ছে প্রশাসন। জেলাশাসক বলেন, ফেসবুক, টুইটার ইউটিউব ও অন্যান্য ডিজিটাল মাধ্যমে মেলার ব্যবস্থাপনা, কপিলমুনি মন্দিরের দর্শন, পুজো, এমনকী পুন্যতিথিতে স্নানের ভিডিও লাইভ দেখা যাবে। এর জন্য বিভিন্ন জায়গায় ক্যামেরা বসানো হবে। যাতে প্রতি মুহূর্তের সরাসরি সম্প্রচার করা যায়।এছাড়াও গতবছর সাগরের পুণ্যস্নানের জল ক্যুরিয়ার করে পাঠানোর ব্যবস্থা করেছিল জেলা প্রশাসন। এবছরও সেই পরিষেবা থাকবে বলে জানিয়েছেন জেলাশাসক। এর জন্য এবার ডাক বিভাগের সাহায্য নেওয়া হবে বলে ঠিক হয়েছে। জানা গিয়েছে, গতবার অন্তত পাঁচ হাজার ব্যক্তিকে এভাবে জল ক্যুরিয়ার করে পাঠানো হয়েছিল। এটিকে ই-স্নান বলছেন প্রশাসনিক কর্তারা। আগামী বছরের মেলার জন্য ইতিমধ্যেই জল নেওয়ার চাহিদা শুরু হয়ে গিয়েছে। প্রশাসনিক সূত্রে খবর, আগামী বছর ১ জানুয়ারি থেকেই এর বুকিং শুরু হবে।এছাড়াও করোনা মোকাবিলায় একাধিক পদক্ষেপ নেওয়ার কথাও জানিয়েছেন জেলাশাসক। পুণ্যার্থীরা যেখান থেকে বাসে উঠবেন তার আগে তাঁদের তাপমাত্রা পরীক্ষা, স্যানিটাইজেশন, মাস্ক বিতরণ ইত্যাদি প্রক্রিয়া থাকবে। ভিড় এড়াতে বাস, ভেসেল, ও অন্যান্য যানবাহনের সংখ্যা বাড়ানো হবে।