দ্বিতীয় দফার ভোটের মুখে পুলিশকে শাসিয়ে গ্রেফতার পূর্ব বর্ধমানের তৃণমূল নেতা। পুলিশকে শাসানোর অভিযোগে গ্রেফতার বর্ধমানের তৃণমূল কাউন্সিলর নাড়ুগোপাল ভকত। স্থানীয় সূত্রে খবর, গত ২৪ মার্চ বর্ধমান থানার পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে কথা কাটাকাটিতে জড়ান তৃণমূল নেতা। এমনকী পুলিশকে শাসাতেও দেখা যায় কাউন্সিলর নাড়ুগোপাল ভকতকে, ক্যামেরাবন্দি হয় গোটা ঘটনা। গতকাল পূর্ব বর্ধমান জেলায় পরিদর্শনে আসেন মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজকুমার আগরওয়াল। সূত্রের খবর, CEO-র কড়া নির্দেশের পরেই গ্রেফতার করা হয় অভিযুক্ত তৃণমূল নেতাকে। অন্যদিকে, দ্বিতীয় দফার ভোটের মুখে বাড়ছে হুমকি-হুঁশিয়ারির রাজনীতি। এবার নারায়ণপুর থানার IC-কে ‘শাসানি’ তৃণমূল প্রার্থীর, ভিডিও ভাইরাল। ২ তৃণমূল কর্মীকে পুলিশের পাকড়াও করা নিয়ে গোলমালের সূত্রপাত। অভিযোগ, খবর পেয়ে নারায়ণপুর থানায় চড়াও হন তৃণমূল প্রার্থী তাপস চট্টোপাধ্যায়। এ বিষয়ে পুলিশের কোনও প্রতিক্রিয়া মেলেনি।

