টানা সাড়ে ৫ ঘণ্টা। ম্যারাথন জেরার পর রাত সাড়ে ১১টা নাগাদ সিআইডি-র সদর দপ্তর ভবানী ভবন থেকে বেরলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। বৃহস্পতিবার সন্ধ্যা ৫:৪৯ নাগাদ সিআইডির দফতরে পৌঁছন অভিষেক, সই জাল কাণ্ডে একটানা পাঁচ ঘণ্টারও বেশি সময় ধরে তাঁকে জিজ্ঞাসাবাদ করা হয়। এরপর রাত ১১:২৭ মিনিট নাগাদ ভবানীভবন থেকে গাড়িতে বেরিয়ে যান। সিআইডি অফিস থেকে বেরিয়ে পৌঁছে যান কালীঘাটে মমতা বন্দ্যোপাধ্যারে বাড়িতে, সেখানে উপস্থিত ছিলেন দলের বেশ কয়েকজন নেতৃত্ব। সূত্রের খবর, আগামী ১৪ জুন, রবিবার দুপুর ১২টার মধ্যে ফের তাঁকে ভবানীভবনে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে। সূত্রের খবর, অভিষেকের বেশ কিছু প্রশ্নের জবাবে সম্পূর্ণরূপে সন্তুষ্ট নন সিআইডি আধিকারিকরা, সেই কারণেই ফের তলবের সিদ্ধান্ত। অন্যদিকে, ১৫ জুন নিয়োগ দুর্নীতি মামলায় ইডি অফিসে হাজিরার নির্দেশ রয়েছে অভিষেকের। এ দিন বিকেলেই দিল্লি থেকে কলকাতায় ফেরেন অভিষেক৷ বিমানবন্দর থেকে সরাসরি ভবানী ভবনে না গিয়ে প্রথমে কালীঘাটে নিজের বাড়িতে যান তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক, সেখানে কিছুক্ষণ থাকার পরে বিকেল পৌনে ৬টা নাগাদ ভবানী ভবনের উদ্দেশ্যে রওনা দেন৷ বিকেল ৫.৪৯ মিনিট নাগাদ ভবানী ভবনে পৌঁছন৷ প্রাথমিক কিছু প্রক্রিয়ার পর অভিষেককে জিজ্ঞাসাবাদ শুরু করেন সিআইডি আধিকারিকরা৷ সূত্রের খবর, তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের কাছ থেকে সন্তোষজনক উত্তর না পাওয়ার কারণেই জিজ্ঞাসাবাদ চালিয়ে যাচ্ছেন সিআইডি আধিকারিকরা৷

