কলকাতা

এসআইআরের বিরুদ্ধে বিধানসভায় প্রস্তাব আনতে পারে তৃণমূল

 এসআইআরের বিরুদ্ধে বিধানসভার শীতকালীন অধিবেশনে প্রস্তাব আনতে চাইছে রাজ্য়ের শাসক শিবির ৷ দলের অন্দরে এ বিষয়ে ভাবনাচিন্তা শুরু হয়েছে ৷ মঙ্গলবার থেকে আনুষ্ঠানিকভাবে এসআইআরের কাজ শুরু হয়েছে বাংলায় ৷ বাড়ি বাড়ি গিয়ে ফর্ম বিলি করছেন বিএলও’রা ৷ তারই মধ্যে এসআইআরের বিরোধিতায় প্রস্তাব এনে কেন্দ্রীয় সরকারের উপর চাপ আরও বাড়াতে চাইছে বাংলার শাসক শিবির ৷ দলীয় সূত্রে জানা গিয়েছে, নভেম্বরের মাঝামাঝি সপ্তাহেই শুরু হতে পারে শীতকালীন অধিবেশন ৷ ততদিনে এসআইআর প্রক্রিয়া নিয়ে রাজ্যজুড়ে চলমান বিতর্ক আরও তীব্র হবে বলে মনে করছেন রাজনৈতিক মহলের একটা বড় অংশ ৷ এমন পরিস্থিতিতে বিধানসভায় একটি প্রস্তাব এনে রাজনৈতিক বার্তা দেওয়ার পরিকল্পনা করেছে তৃণমূল। প্রশাসনিক প্রস্তুতির মধ্যেই SIR ঘিরে রাজনৈতিক পারদও চড়তে শুরু করেছে ৷ প্রথম থেকেই তৃণমূল মনে করছে, আগামী বছরের বিধানসভা নির্বাচনের আগে বিজেপিকে বাড়তি সুবিধা দিতেই এই পদক্ষেপ করেছে কমিশন ৷ মমতা বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে অভিষেক বন্দ্যোপাধ্যায় এ নিয়ে সরব হয়েছেন ৷ এসআইআরের প্রক্রিয়ায় প্রকৃত ভোটারদের নাম বাদ যাচ্ছে, এমনকী এই আশঙ্কায় একের পর এক মৃত্যুর ঘটনাও ঘটছে বলে দাবি ঘাসফুল শিবিরের। এমনই আবহে বিধানসভায় এসআইআর সংক্রান্ত প্রস্তাব আনার সম্ভাবনা তৈরি হয়েছে ৷ আগামী বছর বিধানসভা নির্বাচনের আগে আসন্ন শীতকালীন অধিবেশনই বর্তমান বিধানসভার শেষ পূর্ণাঙ্গ অধিবেশন হতে চলেছে । ফেব্রুয়ারি মাসে কেবল অন্তর্বর্তী বাজেট পেশ করা হবে। তাই রাজনৈতিক দিক থেকে এই অধিবেশনের গুরুত্ব অনেকটাই। তৃণমূল পরিষদীয় দলের পরিকল্পনা এই অধিবেশনকেই হাতিয়ার করে এসআইআর ইস্যুতে কেন্দ্রের শাসক দল ও নির্বাচন কমিশনের বিরুদ্ধে সরব হওয়া এবং রাজ্যের ভোটারদের বিশেষ বার্তা দেওয়া। বিধানসভা নির্বাচনের প্রচারে এই ইস্যুতে বিজেপিকে কোণঠাসা করবে তৃণমূল ৷ বিধানসভার অধিবেশন আয়োজন করে সেই কাজটাই আরও এগিয়ে রাখতে চায় তারা ৷ এর আগে মঙ্গলবারই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে কলকাতার রেড রোড থেকে জোড়াসাঁকো পর্যন্ত বিশাল প্রতিবাদ মিছিল হয়েছে ৷ মিছিলের পর সভা থেকেও তোপ দেখেছেন রাজ্যের প্রশাসনিক প্রধান ৷ তাঁর স্পষ্ট হুঁশিয়ারি, বাংলার একজন ভোটারের নাম বাদ গেলেও দিল্লির বিজেপি সরকার তিনি ফেলে দেবেন ৷ সেই কর্মসূচির পরই এসআইআরের বিরুদ্ধে প্রস্তাব আনার বিষয়ে নতুন করে উদ্যোগী হয়েছে তৃণমূল পরিষদীয় দল ৷