খড়গপুরে বামপন্থী বৃদ্ধকে মারধরের ঘটনায় অভিযুক্ত তৃণমূল নেত্রীকে দল থেকে বহিষ্কার করল তৃণমূল ৷ সোমবার মেদিনীপুরে বৈঠক শেষে এমনটাই জানালেন দলের রাজ্য সহ-সভাপতি জয়প্রকাশ মজুমদার ৷ পাশাপাশি এদিন বৈঠক করে বেরিয়ে যাওয়ার সময় বেবি কোলের নাম শুনেই প্রসঙ্গ এড়িয়ে যান তৃণমূলের রাজ্য সভাপতি সুব্রত বক্সি ৷ তিনি ওই তৃণমূল নেত্রীকে বহিষ্কারের নির্দেশ দিয়েছেন বলে জানিয়েছেন জয়প্রকাশ ৷ এদিন দলের রাজ্য সহ-সভাপতি বলেন, “সুব্রত বক্সি যাওয়ার আগে একটি নির্দেশ দিয়েছেন । যে নির্দেশে বলা হয়েছে, আজ থেকে বেবি কোলেকে দল থেকে বহিষ্কার করা হল ।” কারণ হিসেবে তিনি ব্যাখ্যা করেন, “কয়েকদিন আগে খড়গপুরে একটি দুর্ভাগ্যজনক ঘটনা ঘটে গিয়েছে ৷ একজন বয়স্ক বামনেতার সঙ্গে অশালীন এবং অসামাজিক আচরণ করা হয়েছে ৷ সেই কাজ করেছে আমাদের দলের নেত্রী বেবি কোলে । দল এই ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে । পরবর্তীকালে বেবি কোলেকে শোকজ করেন জেলা সভাপতি । কিন্তু শোকজের জবাব মনঃপুত না-হওয়ায় আজ রাজ্য সভাপতি নির্দেশ দিয়ে যান বেবি কোলেকে দল থেকে বাদ দেওয়ার জন্য ।” প্রসঙ্গত, সম্প্রতি একটি ভিডিয়োতে খড়গপুরে প্রকাশ্য রাস্তায় বামপন্থী বৃদ্ধকে জুতো দিয়ে মারধর করতে দেখা যায় তৃণমূল নেত্রী বেবি কোলে ও তাঁর সঙ্গীসাথীদের ৷ সেই ঘটনায় শোরগোল পড়ে যায় ৷