ছাব্বিশের বিধানসভা নির্বাচনে ২৩৪টির মধ্যে ১০৮টি আসনে জয়ী হয়েছে দক্ষিণী তারকা থালাপথি বিজয়ের দল তামিলাগা ভেট্রি কাঝাগাম (টিভিকে)-র ৷ মঙ্গলবার রাজ্যপাল রাজেন্দ্র বিশ্বনাথ আরলেকারের কাছে সরকার গড়ার জন্য সময় চেয়ে জমা দিয়েছেন টিভিকে প্রধান ৷ গত পাঁচ দশকের ডিএমকে-এআইডিএমকে বাইনারি ভেঙে দক্ষিণের রাজনীতিতে নতুন অধ্যায়ের সূচনা করেছেন অভিনেতা-নেতা বিজয় ৷ সরকার গড়ার জন্য প্রয়োজনীয় ১১৮টি আসনের চেয়ে ১০টি আসন কম রয়েছে ৷ সূত্রের খবর কংগ্রেসের সঙ্গে এনিয়ে আলোচনা করতে পারেন দলের প্রধান বিজয় ৷ এদিকে বিধানসভা নির্বাচনে ডিএমকে’র সঙ্গে জোট বেঁধে টিভিকের বিরুদ্ধে লড়াই করেছে কংগ্রেস ৷ এর মধ্যে এদিন সকালে রাজ্যপাল রাজেন্দ্র বিশ্বনাথ আরলেকারের কাছে মুখ্যমন্ত্রী পদে ইস্তফাপত্র জমা দিয়েছেন ডিএমকে’র এমকে স্ট্যালিন ৷ রাজ্যপাল তাঁর ইস্তফাপত্র গ্রহণ করেছেন ৷ কিন্তু পরবর্তী মুখ্যমন্ত্রী নির্বাচিত না-হওয়া পর্যন্ত তিনিই কার্যনির্বাহী মুখ্যমন্ত্রী হিসাবে দায়িত্ব পালন করবেন, বিবৃতিতে জানিয়েছে তামিলনাড়ুর লোকভবন ৷ গত ২৩ এপ্রিল তামিলনাড়ুতে ২৩৪টি আসনে বিধানসভা নির্বাচন হয় ৷ থালাপতি বিজয়ের টিভিকে জয়ী হয়েছে ১০৮টি আসনে ৷ ডিএমকে-কংগ্রেস জোটের ডিএমকে ৫৯, এআইডিএমকে ৪৭, কংগ্রেস ৫টি আসন পেয়েছে ৷ এছাড়া ইন্ডিয়ান ইউনিয়ন মুসলিম লিগ (আইইউএমএল), সিপিআই, সিপিআই(এম), এবং ভিসিকে- প্রত্যেকে 2টি করে আসন এবং ডিএমডিকে একটি আসনে জয়ী হয়েছে ৷ এআইএডিএমকে জোটের পিএমকে 4টি আসন, বিজেপি এবং এএমএমকে ১টি করে আসন দখল করতে সক্ষম হয়েছে ৷ এই ভোটে টিভিকে ৩৪.৯২ শতাংশ, ডিএমকে ২৪.১৯ শতাংশ, এআইডিএমকে ২১.২১ শতাংশ ভোট পেয়েছে ৷ এই ফলাফলের পর এদিনই তামিলনাড়ুর রাজ্যপালের কাছে চিঠি দিয়ে সরকার গড়ার সময় চেয়েছেন নেতা-অভিনেতা বিজয় ৷ নিজের দলের সংখ্যাগরিষ্ঠতা প্রমাণের জন্য 2 সপ্তাহ সময় চেয়েছেন তিনি ৷ এখন দেখার বিষয়—রাজ্যপাল বিধানসভার সংখ্যাগরিষ্ঠ সদস্যের কাছে সমর্থনের চিঠি চাইবেন, নাকি দুই সপ্তাহ সময়সীমা মঞ্জুর করবেন ৷ বিজয় নিজে তিরুচিরাপল্লি পূর্ব এবং পেরাম্বুর থেকে লড়েছেন ৷ দু’টি আসনেই তিনি জয়ী হয়েছেন ৷ তিরুচিরাপল্লি পূর্ব আসনে তিনি পেয়েছেন 91,381 ভোট এবং জয়ের ব্যবধান ২৭,৪১৬ ৷ ঘটনাচক্রে পেরাম্বুরেও তাঁর জয়ের মার্জিন ৫৩ হাজার ৭১৫ ৷ তাঁর প্রাপ্ত ভোট 1 লক্ষ ২০ হাজার ৩৬৫ ৷

