ভোট-পরবর্তী হিংসায় ফের উত্তপ্ত নিউটাউন। বালিগড়ী এলাকায় এক বিজেপি কর্মীকে পিটিয়ে খুনের অভিযোগ উঠল তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। ঘটনাকে কেন্দ্র করে চরম উত্তেজনা ছড়িয়েছে এলাকায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লাঠিচার্জ করতে হয়েছে পুলিশকে। ঘটনাস্থলে মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশ বাহিনী ও আধাসামরিক বাহিনী। তৃণমূল কর্মীদের সাতদিনের মধ্যে শুধরে যাওয়ার নিদান দিয়েছেন এলাকায় জয়ী প্রার্থী পীযূষ কানোড়িয়া ৷ তার মধ্য়ে কাজ না হলে তাঁরা যে ‘অ্যাকশান’ শুরু করবেন সেটাও জানিয়েছেন ৷ পুলিশ সূত্রে খবর, নিউটাউনের বালিগড়ী এলাকার বাসিন্দা এক বিজেপি কর্মীকে মারধর করা হয়। তাতে তাঁর মৃত্যু হয় ৷ পরিবারের অভিযোগ, তৃণমূল আশ্রিত দুষ্কৃতী কমল মণ্ডল ও তার অনুগামীরা এই খুনের সঙ্গে জড়িত । অভিযুক্তরা আপাতত এলাকা ছেড়েছে ৷ তাদের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ ৷ এই ক’জন কোথায় যেতে পারে তা খতিয়ে দেখার চেষ্টা করছেন পুলিশ আধিকারিকরা ৷