দেশ

লালকেল্লায় গাড়ি বিস্ফোরণে আটক আরও ২ ডাক্তার

লালকেল্লার সামনে গাড়ি বিস্ফোরণের ঘটনায় আরও তিন জনকে আটক করল দিল্লি পুলিশ ৷ তাঁদের মধ্যে দু’জন আল-ফালাহ বিশ্ববিদ্যালয়ের চিকিৎসক ৷ অভিযোগ ধৃতরা দিল্লি বিস্ফোরণে নিহত ডাঃ উমর নবির পরিচিত ৷ গত 10 নভেম্বর সন্ধ্যা 6.50 নাগাদ দিল্লিতে লালকেল্লার সামনে সুভাষ মার্গ ট্রাফিক সিগন্য়ালে দাঁড়িয়ে থাকার সময় ভয়াবহ বিস্ফোরণ হয় হুন্ডাই i20 গাড়িতে ৷ ওই গাড়ির চালকের আসনে ছিলেন ডাঃ উমর নবি ৷ সে আল-ফালাহ বিশ্ববিদ্যালয়ের চিকিৎসক ছিল ৷ গাড়ি বিস্ফোরণেই মৃত্যু হয় নবির ৷ এই সূত্রেই অনেককেই জিজ্ঞাসাবাদ করছে পুলিশ ৷ এমনকী বাদ যাননি এক চা-বিক্রেতাও ৷ বিস্ফোরণের দিন উমর তাঁর দোকানে চা খেয়ে তারপর মসজিদে যায় প্রার্থনা করতে ৷ শুক্রবার রাতে দিল্লি পুলিশের বিশেষ সেল এবং এনআইএ-র দল হরিয়ানার ধৌজ, নুহ এবং তার আশপাশের অঞ্চলে তল্লাশি অভিযান চালায় ৷ সরকারি সূত্রের খবর, এই অভিযানে নুহ থেকে তারা আল-ফালাহ বিশ্ববিদ্যালয়ের দুই চিকিৎসক মহম্মদ এবং মুস্তাকিমকে আটক করা হয় ৷ এই দুই ডাক্তারের সঙ্গে বিস্ফোরক উদ্ধারের ঘটনায় ধৃত ডাঃ মুজাম্মিল গানাইয়ের যোগাযোগ ছিল ৷ লালকেল্লায় বিস্ফোরণের দিন পুলিশের তরফে জানা যায়, ফরিদাবাদের ধৌজ গ্রামের দু’টি বাড়ি থেকে 2 হাজারেরও বেশি কেজি বিস্ফোরক উদ্ধার হয় ৷ একটি বাড়ি থেকে 360 কেজি অ্যামোনিয়াম নাইট্রেট উদ্ধার করে পুলিশ ৷ এই ঘটনায় গ্রেফতার হয় আট জন ৷ তাদের মধ্যে দু’জন আল ফালাহ বিশ্ববিদ্যালয়ের চিকিৎসক- ডাঃ মুজাম্মিল গানাই এবং ডাঃ শাহিন শাহিদ ৷ অভিযোগ, এই চিকিৎসকরা জইশ ও আনসার-গাজাওয়াত উল হিন্দ জঙ্গি সংগঠনের ‘হোয়াইট কলার টেরর মডিউল’ হিসাবে কাজ করছিল ৷ এর সঙ্গে লালকেল্লায় গাড়ি বিস্ফোরণের যোগ পেয়েছেন তদন্তকারীরা ৷ প্রাথমিক জিজ্ঞাসাবাদে তদন্তকারীরা জানতে পেরেছেন, বিস্ফোরণের দিন আটক হওয়া দুই ডাক্তারের একজন দিল্লিতেই ছিলেন ৷ তিনি এইএমস-এ চাকরির ইন্টারভিউ দিতে রাজধানীতে এসেছিলেন বলে খবর ৷ এখন মহম্মদ এবং মুস্তাকিমকে জেরা করা হচ্ছে ৷ তাঁদের সঙ্গে ধৃত ডাঃ গানাইয়ের কী সম্পর্ক ? লালকেল্লায় গাড়ি বিস্ফোরণ বা ফরিদাবাদ থেকে বিস্ফোরক উদ্ধারের সঙ্গে কোনও ভাবে এই দুই চিকিৎসক জড়িত কি না, তা জানার চেষ্টা চলছে ৷