চারদিনের ভারত সফরে শনিবার সকালে কলকাতায় পৌঁছলেন মার্কিন বিদেশ সচিব মার্কো রুবিয়ো। তাঁর এই সফর রাজনৈতিক ও ঐতিহাসিক-উভয় দিক থেকেই অত্যন্ত তাৎপর্যপূর্ণ ৷ শনিবার সকালে সস্ত্রীক কলকাতা বিমানবন্দরে নামেন রুবিয়ো। সেখান থেকে সোজা চলে যান মাদার হাউসে। দুপুরে কলকাতা থেকে দিল্লির উদ্দেশে রওনা দেবেন মার্কিন বিদেশ সচিব ৷ সেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে দেখা করবেন তিনি। দীর্ঘ 14 বছর পর ফের কলকাতায় এলেন কোনও মার্কিন বিদেশ সচিব। আজ সকালে শহরে পা রাখেন মার্কিন বিদেশ সচিব মার্কো রুবিয়ো । কূটনৈতিক মহলে মার্কিন বিদেশ সচিবের কলকাতা সফরকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে ৷ কারণ, পশ্চিমবঙ্গে সাম্প্রতিক বিধানসভা নির্বাচনে পালাবদল হয়েছে ৷ মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসকে হারিয়ে রাজ্যে প্রথমবার ক্ষমতায় এসেছে বিজেপি ৷

এর আগে ২০১২ সালে রাজ্যে পালাবদলের পরের বছরে কলকাতায় এসেছিলেন তৎকালীন মার্কিন বিদেশ সচিব হিলারি ক্লিন্টন ৷ ২০১১ সালে ৩৪ বছরের বাম জামানার অবসান ঘটিয়ে রাজ্যে ক্ষমতা এসেছিল তৃণমূল কংগ্রেস ৷ মমতা বন্দ্য়োপাধ্যায় মুখ্যমন্ত্রী হওয়ার প্রায় এক বছরের মাথায় কলকাতায় এসে মহাকরণে মমতার সঙ্গে সাক্ষাৎ করেছিলনে হিলারি ৷ এক ঘণ্টারও বেশি সময় ধরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক করেছিলেন তিনি ৷ সেবার মার্কিন বিদেশ সচিব মুখ্যমন্ত্রী মমতাকে বাংলায় বিনিয়োগের প্রতিশ্রুতি দিয়েছিলেন ৷ এবার রাজ্যে পালাবদলের মাত্র কয়েক সপ্তাহ পরেই কলকাতায় এলেন মার্কিন বিদেশ সচিব মার্কো রুবিয়ো ৷ এক্স হ্যান্ডেলে এক পোস্টে ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত সার্জিও গোর লিখেছেন, “বিদেশ সচিব মার্কো রুবিয়ো কলকাতায় অবতরণ করেছেন। এটি ভারতে তাঁর প্রথম সফর। আজই নয়াদিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে সাক্ষাৎ করবেন তিনি। আগামী কয়েক দিন বাণিজ্য, প্রযুক্তি, প্রতিরক্ষা, ‘কোয়াড’ (QUAD) এবং আরও অনেক বিষয় নিয়ে আলোচনা হবে ৷” মার্কিন বিদেশ দফতরের জানিয়েছে, রুবিয়ো কলকাতায় ‘মিশনারিজ অফ চ্যারিটি’-র সদর দফতর ‘মাদার হাউস’ এবং শহরের একটি ‘চিলড্রেনস হোম’ পরিদর্শন করবেন।