মেরামতি ও রক্ষণাবেক্ষণের কাজের জন্য আগামী ২৮ জুন (রবিবার) টানা ১২ ঘণ্টা বন্ধ থাকবে বিদ্যাসাগর সেতু বা দ্বিতীয় হুগলি ব্রিজ। কলকাতা পুলিশের তরফে জারি করা এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ওইদিন সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত সেতুতে কোনও ধরনের যানবাহন চলাচল করতে পারবে না। এই সময়ে যানবাহনগুলিকে বিকল্প রুটে ঘুরিয়ে দেওয়া হবে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, হুগলি রিভার ব্রিজ কমিশনার্স (HRBC)-এর উদ্যোগে বিদ্যাসাগর সেতুর বিভিন্ন গুরুত্বপূর্ণ অংশে মেরামতির কাজ হবে। সেতুর স্টে কেবল, হোল্ডিং-ডাউন কেবল এবং বেয়ারিং বদলের কাজ চলবে। যাত্রী ও যানবাহনের নিরাপত্তার কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কলকাতার পুলিশ কমিশনার অজয় নন্দ স্বাক্ষরিত নির্দেশিকায় বলা হয়েছে, মেরামতির কাজ নির্বিঘ্নে সম্পন্ন করার জন্য নির্দিষ্ট সময়ে বিদ্যাসাগর সেতু এবং তার সঙ্গে যুক্ত র্যাম্পগুলিতে যান চলাচল সম্পূর্ণরূপে বন্ধ থাকবে। ফলে রবিবার কলকাতা ও হাওড়ার মধ্যে যাতায়াতকারী সাধারণ মানুষকে বিকল্প পথ ব্যবহার করতে হবে। এজেসি বোস রোড ধরে জিরুট আইল্যান্ডের দিক থেকে বিদ্যাসাগর সেতুর দিকে আসা পশ্চিমমুখী যানবাহন টার্ফ ভিউ হয়ে গ্রেড রোড, হেস্টিংস ক্রসিং, স্ট্র্যান্ড রোড, সেন্ট জর্জেস গেট রোড এবং হাওড়া ব্রিজের দিকে ঘুরিয়ে দেওয়া হবে। জে অ্যান্ড এন আইল্যান্ডের দিক থেকে কেপি রোড ধরে বিদ্যাসাগর সেতুমুখী যানবাহন ১১ নম্বর ফারলং গেট থেকে হেস্টিংস ক্রসিং হয়ে স্ট্র্যান্ড রোড ও হাওড়া ব্রিজের দিকে চলবে। হাওড়ার দিক থেকে সিজিআর রোড ধরে বিদ্যাসাগর সেতুতে ওঠার পরিকল্পনা থাকলে সেই যানবাহনগুলিকেও হেস্টিংস ক্রসিং থেকে সেন্ট জর্জেস গেট রোড ও স্ট্র্যান্ড রোডের মাধ্যমে হাওড়া ব্রিজের দিকে ঘুরিয়ে দেওয়া হবে।
কলকাতা পুলিশের তরফে আরও জানানো হয়েছে, পরিস্থিতি অনুযায়ী প্রয়োজন হলে শহরের বিভিন্ন সংযোগকারী বা আর্টেরিয়াল রোড দিয়েও যানবাহন ঘুরিয়ে দেওয়া হতে পারে। ওয়াই-পয়েন্ট র্যাম্প ব্যবহার করে বিদ্যাসাগর সেতুতে ওঠার পরিকল্পনা থাকলে সেখান থেকেও যানবাহনগুলিকে বিকল্প রুটে পাঠানো হবে। কেপি রোড, রেড রোড ও হাওড়া ব্রিজের মাধ্যমে গন্তব্যে পৌঁছতে হবে। তাই রবিবার যাঁদের কলকাতা ও হাওড়ার মধ্যে যাতায়াতের পরিকল্পনা রয়েছে, তাঁদের আগেভাগে বেরোনোর পাশাপাশি ট্রাফিক পুলিশের নির্দেশ মেনে চলার অনুরোধ করা হয়েছে।

