নদিয়া: করোনা আবহে অভিনব বিয়ে দেখল নদিয়ার শান্তিপুরের বটতলার বাসিন্দরা। বিয়েবাড়িতে বরের মুখে ছিল মাস্ক, হাতে ঘন ঘন মাখছেন স্যানিটাইজার। নতুন বরকে বরণ করার সময় বরণডালাতেও ছিল মাস্ক এবং স্যানিটাইজার। এখানেই শেষ নয়, বিয়েবাড়ির দরজা-সহ প্যান্ডেলের বিভিন্ন জায়গায় টাঙানো মাস্ক এবং স্যানিটাইজার ব্যবহার করার গুরুত্ব সম্পর্কে লেখা পোস্টার। এছাড়াও জায়গায় জায়গায় কোভিড বিধি পালনের পোস্টারও ছিল লাগানো। বাহাদুরপুরের বাসিন্দা শুভাশিস ঘোষের সঙ্গে বিয়ে হল দীপান্বিতার। আগেই হয়ে গিয়েছিল বিয়ের পাকা কথা। কিন্তু লকডাউনের জন্য দু’বার পিছিয়েছে বিয়ের তারিখ। তবে আনলক পর্ব শুরু হওয়ায় নতুন করে বিয়ের তারিখ ঠিক হয়। করোনা আবহে বিয়ের পুরো অনুষ্ঠানটাই সতর্কতার সঙ্গে সম্পন্ন হয়। ছাদনাতলাতে ভিড় করে বিয়ে দেখা ছিল সম্পূর্ণ নিষিদ্ধ। চক দিয়ে কাটা ছিল দশটি গোল বৃত্ত। মাস্ক পড়েই তুলতে হয়েছে সেলফি। যদিও তাতে পাত্রীর বান্ধবীদের কয়েকজনের মনখারাপ হয়েছিল। ভিড় এড়াতে সন্ধে থেকেই শুরু হয়ে গিয়েছিল খাওয়াদাওয়ার ব্যবস্থা। ক্যাটারিং, আলো, মাইকের লোকজনকেও পড়তে হয়েছে মাস্ক।