দক্ষিণ ২৪ পরগণাঃ ফের রাজনৈতিক হিংসায় উত্তপ্ত দক্ষিণ ২৪ পরগনার কুলতলি। বাম-তৃণমূল সংঘর্ষে এক তৃণমূল কর্মীর মৃত্যু হওয়ায় আগুন জ্বলে ওঠে এলাকায়। তৃণমূল ও এসইউসি কর্মীদের অন্তত তিরিশটি বাড়ি জ্বালিয়ে দেওয়া হয়েছে বলে এলাকা সূত্রে খূবর।
শুক্রবার রাত আটটা নাগাদ দলীয় আলোচনা সেরে বাড়ি ফিরছিলেন অশ্বিনী মান্না ও নবকুমার গিরি নামে দুই তৃণমূল কর্মী। অভিযোগ, সেই সময় তাঁদের পথ আটকে দাঁড়ান এসইউসি এবং সিপিএমের কয়েকশো কর্মী। অভিযোগ, ওই দুই তৃণমূল কর্মীকে তারা লাঠি, রড, দা ও কুড়ুল দিয়ে এলোপাথাড়ি কোপাতে থাকে। অশ্বিনী মান্না নামে তৃণমূল কর্মীকে খুন করা হয়। আরেকজন গুরুতর জখম হয়। তাকে চিকিৎসার জন্য কলকাতায় স্থানান্তর করা হয়েছে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক উত্তেজনা। বেশ কয়েকটি বাড়ি ও দোকান ভাঙচুর করা হয়েছে। অগ্নি সংযোগের ঘটনা ঘটেছে বলেও পুলিশ সূত্রে খবর। ঘটনাস্থলে বারুইপুর পুলিশ জেলার বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে।